২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নাইজেরিয়ায় পানশালায় বোমা বিস্ফোরণে নিহত ৩০

নাইজেরিয়ার রাজধানী আবুজায় একটি পানশালায় বোমা বিস্ফোরণে ৩০ জন নিহত হয়েছে। এতে আহত হয়েছে অনেকে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jan 2011, 08:18 AM

Updated : 24 Aug 2022, 02:14 PM

আবুজা, জানুয়ারি ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- নাইজেরিয়ার রাজধানী আবুজায় একটি পানশালায় বোমা বিস্ফোরণে ৩০ জন নিহত হয়েছে। এতে আহত হয়েছে অনেকে। ইংরেজি নববর্ষকে স্বাগত জানাতে শুক্রবার মধ্যরাতে রাজধানী আবুজার মায়ামি মার্কেটের ওই পানশালায় জড়ো হওয়ারাই এই বিস্ফোরণের শিকার হন। নাইজেরিয়ার সেনাপ্রধান জানিয়েছেন, নববর্ষ উদযাপন করতে আসা মানুষদের লক্ষ করেই এই বোমা পেতে রাখা হয়। তবে এ ঘটনায় কারা দায়ী সে সম্পর্কে কোনোকিছু তিনি বলেননি বলে বিবিসি জানিয়েছে। বিস্ফোরণে নিহতদের প্রকৃত সংখ্যা নিয়ে বিভ্রান্তি রয়েছে। দেশটির সরকারি টেলিভিশন ৩০ জন নিহত হয়েছে বলে জানিয়েছে। তবে নাইজেরিয়া পুলিশের মুখপাত্র মাসহুদ জিমোহ রয়টার্সকে জানান, "ঘটনায় চারজন নিহত হয়েছে। নিরাপত্তা কর্মীরা ঘটনাস্থলটি কড়া প্রহরায় রেখেছে এবং ঘটনার তদন্ত চলছে। রাজধানীতে নিরাপত্তা ব্যাবস্থা জোরদার করা হয়েছে।" সামরিক চিকিৎসাকেন্দ্রের একজন কর্মী রয়টার্সকে জানান, বোমা হামলায় কমপক্ষে ১১জন নিহত হয়েছে। আহত অনেককে আবুজার বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। অসকোরো হাসপাতালের পরিচালক উডোফিয়া অ্যানেফিয়ন রয়টার্সকে জানান, হাসপাতালে হতাহত ১৬ জনকে আনা হয়েছিলো। এরমধ্যে মৃত ছিলো চারজন আর ১২ জনের অবস্থা আশঙ্কাজনক। এয়ার মার্শাল ওলুসেই পেটিইরেন এ ঘটনার জন্য কতিপয় 'মানুষরূপী শয়তান' কে দায়ী করলেও কোনো গোষ্ঠী নাম বলেননি। বিস্ফোরণে ক্ষয়ক্ষতির পরিসংখ্যানও তিনি জানাননি। ওই এলাকাটি নিরাপত্তা বাহিনী ঘিরে রেখেছে। রয়টার্স জানায়, আবুজার ব্যস্ততম মামি মার্কেটের কাছেই নাইজেরিয়ার সামরিক ঘাঁটি সানি আবাকা রয়েছে। এলাকটি বেসামরিক হওয়ায় এখানে সামরিক-বেসামরিক লোকজন নানা উৎসবে মিলিত হতো। ওই মার্কেটের নিয়মিত যাতায়াতকারী এরিখ জানান, "বিস্ফোরণের পর আতঙ্কিত মানুষেরা বিভিন্ন দিকে ছুটছিল। ঘটনাস্থলে অসংখ্য হতাহতদের দেহ পড়েছিলো। তাদেরকে সড়িয়ে নিতে সামরিক ট্রাক ব্যবহার করা হয়েছিলো।" এ ঘটনায় শোকপ্রকাশ করে দেশটির প্রেসিডেন্ট গুডলাক জোনাথক এক বিবৃতিতে বলেন, "নাইজেরিয়াবাসীদের আনন্দে ছাই ঢেলে দেওয়ার জন্যই মানুষরূপী ওই শয়তানগুলো রাজধানীর সেনা ঘাঁটির নিকটবর্তী মার্কেটে বোমা হামলা চালিয়েছে।" এ ঘটনার মাত্র কয়েকদিন আগে ২৪ ডিসেম্বর খ্রিস্টানদের ধর্মীয় উৎসব বড়দিনের আগের সন্ধ্যায় নাইজেরিয়ার জসে বোমা হামলার ঘটনা ঘটে। এতে অন্ততপক্ষে ৮০ জনের মৃত্যু হয়। ওই হামলার জন্য এক বিবৃতিতে প্রেসিডেন্ট গুডলাক জোনাথন দেশটির ইসলামি মৌলবাদী গোষ্ঠী বোকো হারামকে দায়ী করেন। এর সঙ্গে জড়িতদের ধরার জন্য নিরাপত্তা বাহিনীকে নির্দেশও দেন তিনি। এদিকে নাইজেরিয়ায় এ ধরনের একের পর এক হামলার ঘটনা প্রেসিডেন্ট জোনাথনের জন্য খারাপ সময় হিসেবে ধরা হচ্ছে। কারণ আগামী এপ্রিলে নাইজেরিয়ার প্রেসিডেন্ট নির্বাচনে জোনাথনের প্রার্থী হওয়ার সম্ভাবনা রয়েছে। প্রতিপক্ষ শিবির এসব ঘটনাকে নির্বাচনী প্রচারে জোনাথনের ব্যর্থতা বলে তুলে ধরতে পারে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএন/সিআর/১২৪৩ঘ.