২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ন্যাটোর রসদ সরবরাহ বন্ধ করেছে পাকিস্তান

সীমান্ত এলাকায় ন্যাটো বিমান হামলায় ৩ পাকিস্তানি সেনা নিহতের প্রতিক্রিয়ায় আফগানিস্তানে যুদ্ধরত ন্যাটো বাহিনীর রসদ সরবরাহের গুরুত্বপূর্ণ একটি পথ বন্ধ করে দিয়েছে পাকিস্তান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Sep 2010, 10:17 AM

Updated : 25 Aug 2022, 06:43 PM

ইসলামাবাদ, পাকিস্তান, সেপ্টেম্বর ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- সীমান্ত এলাকায় ন্যাটো বিমান হামলায় ৩ পাকিস্তানি সেনা নিহতের প্রতিক্রিয়ায় আফগানিস্তানে যুদ্ধরত ন্যাটো বাহিনীর রসদ সরবরাহের গুরুত্বপূর্ণ একটি পথ বন্ধ করে দিয়েছে পাকিস্তান। কর্মকর্তারা একথা জানিয়েছেন। ন্যাটো সেনাদের জন্য পণ্য সরবরাহকারী ট্রাক ও জ্বালানী তেলবাহী ট্যাংকার আফগানিস্তানে যেতে না দিয়ে তোরখাম সীমান্তে আটকে রাখা হয়েছে। আফগানিস্তানে ন্যাটো সেনাদের জন্য সামরিক সাজ-সরঞ্জাম পাকিস্তানের মধ্য দিয়ে সরবরাহ করা হয়। নাম প্রকাশে অস্বীকৃতি জানিয়ে পাকিস্তানের নিরাপত্তা বাহিনীর এক ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, "হ্যাঁ। ন্যাটোর সরবরাহ বন্ধ করা হয়েছে এবং স্থানীয়ভাবে তা করা হয়েছে।" এর আগে বৃহস্পতিবার ভোরে আফগান সীমান্তবর্তী পাকিস্তানের আদিবাসী পার্বত্য খুররাম অঞ্চলের তেরিমঙ্গল গ্রামে ন্যাটোর দুটি হেলিকপ্টার হামলা চালালে তিন পাক সেনা নিহত হয়। নাম প্রকাশে অনিচ্ছুক এক নিরাপত্তা কর্মকর্তা রয়টার্সকে জানান, "প্রায় ২৫ মিনিটি ওই অঞ্চলে হেলিকপ্টার থেকে হামলা চালানো হয়। এতে সীমান্তের একটি পোস্টে নিয়োজিত আমাদের তিন সেনা নিহত ও অপর তিনজন আহত হয়।" ওদিকে, ন্যাটো নেতৃত্বধীন 'ইন্টারন্যাশনাল সিকিউরিটি অ্যাসিসট্যানস ফোর্স' (আইএসএএফ) এর এক মুখপাত্র হামলার ঘটনা অস্বীকার করে বলেন, ন্যাটোর কোনো হেলিকপ্টার পাকিস্তানের আকাশ সীমায় যায়নি। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে বলেও জানান তিনি। বৃহস্পতিবার সকালের হামলাটি সাম্প্রতিক দিনগুলোতে ন্যাটোর চতুর্থ হামলা বলে নিরাপত্তা ও সেনা কর্মকর্তারা জানিয়েছেন। গত শুক্রবার ন্যাটো-পরিচালিত আন্তর্জাতিক নিরাপত্তা সহায়তা বাহিনী 'আইএসএএফ' এর দুটো এপাচি হেলিকপ্টার পূর্ব আফগানিস্তান থেকে সীমান্ত পেরিয়ে পাকিস্তানের মাটিতে হামলা চালিয়ে ৩০ জঙ্গিকে হত্যা করে। সে ঘটনায় রোববার ক্ষুদ্ধ প্রতিক্রিয়া জানায় পাকিস্তান। যুক্তরাষ্ট্র প্রায়ই পাকিস্তানে তালেবান জঙ্গি দমনে চালকবিহীন বিমান (ড্রোন) হামলা চালিয়ে আসছে। কিন্তু সীমান্ত পেরিয়ে পাকিস্তানে ন্যাটো বাহিনীর এমন বিমান হামলার ঘটনা খুবই বিরল। ওদিকে, বুধবার যুক্তরাজ্যের স্কাই নিউজ টেলিভিশন চ্যানেলে সম্প্রচারিত এক প্রতিবেদনে বলা হয়, লন্ডনসহ ইউরোপের বড় বড় শহরগুলোতে একযোগে তালেবানের জঙ্গি হামলা চালানোর পরিকল্পনা নস্যাৎ করতে পাকিস্তানে ড্রোন হামলা চালিয়েছে পশ্চিমা বাহিনী। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিআর/এএইচ/এলকিউ/১৬১৪ ঘ.