ওয়াশিংটন, সেপ্টেম্বর ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- ইরানের ঊর্ধ্বতন আট কর্মকর্তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। ২০০৯ সালের জুনের প্রেসিডেন্ট নির্বাচন পরবর্তী হত্যাসহ নানা অপরাধের কারণে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ এনে এ ব্যবস্থা নেওয়া হয়েছে।
যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রী টিমোথি গেইটনারের সঙ্গে বুধবার এক যৌথ সাংবাদিক সম্মেলনে পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন মানবাধিকার লঙ্ঘনের সঙ্গে জড়িত বলে ইরানের রেভোল্যুশনারি গার্ডের কমান্ডারসহ বেশ কয়েকজন মন্ত্রীর নাম উল্লেখ করে এই ব্যবস্থা নেওয়ার কথা ঘোষণা করেন।
পরমাণু কর্মসূচিসহ অন্যান্য অনেক বিষয় নিয়ে যুক্তরাষ্ট্র ইরানের ওপর অবরোধ আরোপ করলেও এবারই প্রথম একক ব্যক্তি ও কর্মকর্তার বিরুদ্ধে এ ধরনের শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হলো।
যুক্তরাষ্ট্রের অভিযোগ আনা ইরানি কর্মকর্তারা হচ্ছেন, ইরানের ইসলামিক রেভোল্যুশনারি গার্ডের কমান্ডার মোহাম্মদ আলী জাফারি, সাবেক স্বরাষ্ট্র এবং বর্তমান সামাজিক কল্যাণ ও নিরাপত্তা মন্ত্রী সাদেক মাহসুলি, অ্যাটর্নি জেনারেল কোলাম হোসেন মোহসেনি-এজেই, সাবেক অ্যাটর্নি জেনারেল সাইদ মোর্তাজাভি, গোয়েন্দামন্ত্রী হায়দার মোসলেহি, সশস্ত্র বাহিনীর সাবেক ডেপুটি কমান্ডার ও বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী মোস্তফা মোহাম্মদ নাজার, ইরানি পুলিশের উপপ্রধান আহমদ রেজা রাদন এবং ইরানের আইআরজিসি গোয়েন্দা সংস্থার ডেপুটি কমান্ডার হোসেন তায়েব।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা স্বাক্ষরিত এক নির্বাহী আদেশে বলা হয়েছে, এই আট ইরানি কর্মকর্তার যুক্তরাষ্ট্রে থাকা যে কোনো সম্পত্তি জব্দ করা যাবে। তাছাড়া তাদের সঙ্গে যুক্তরাষ্ট্রের নাগরিকদের যে কোনো ধরনের লেনদেনের ওপরও নিষেধাজ্ঞা জারি করেছেন ওবামা।
হিলারি বলেন, "এসব কর্মকর্তাদের পৃষ্ঠপোষকতায় বা তাদের নির্দেশে ইরানের জনগণকে স্বৈরাচারী কায়দায় গ্রেপ্তার, প্রহার, নির্যাতন, ধর্ষণ, প্রতারণা এবং হত্যা করা হয়েছে।"
কিন্তু এসব অপরাধ থামাতে আন্তর্জাতিক সম্প্রদায় বার বার আহ্বান জানালেও তাতে ইরানের সরকার সাড়া দেয়নি বলে অভিযোগ করেন হিলারি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচ/সিআর/১২৩৫ঘ.
bdnews24