ব্রাসেলস, সেপ্টেম্বর ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- সরকারের ব্যয় হ্রাস ও শ্রমবাজার সংস্কার পরিকল্পনার প্রতিবাদে ইউরোপ জুড়ে বিক্ষোভে বুধবার ব্রাসেলসে মিছিল করেছে হাজার হাজার বিক্ষোভকারী।
ওদিকে, স্পেনে ২৪ ঘণ্টার ধর্মঘটে অচল হয়ে পড়েছে পরিবহন, শিল্প কল কারখানা ও অন্যান্য খাত। গ্রিস, ইতালি, আয়ারল্যান্ড ও লাটভিয়াতেও ব্যয় সঙ্কোচনের প্রতিবাদে বিক্ষোভ-ধর্মঘট চলছে।
ব্রাসেলসে বিক্ষোভকারীরা ট্রেড ইউনিয়নের পতাকা ও ব্যানার হাতে ইইউ এর সদরদপ্তর অভিমুখে মিছিল করে। 'কৃচ্ছতা নয়', 'অগ্রাধিকার পাক চাকরি ও প্রবৃদ্ধি' স্লোগান দেয় তারা। জার্মানির কয়লা খনি শ্রমিক, রুমানিয়ার গ্যাস শ্রমিক এবং পোল্যান্ডের জাহাজশ্রমিকরাসহ ৫০ টি ইউনিয়ন এ বিক্ষোভে যোগ দেয়।
ব্যানারে ঢাকা মিছিলটি রাস্তায় নামলে পুলিশ ইউরোপীয় ইউনিয়নের সদর দফতর বন্ধ করে দেয় এবং ব্যাংক ও দোকানগুলো ব্যারিকেড দিয়ে রাখে।
অন্যদিকে, স্পেনে ৮ বছরের মধ্যে বুধবারই প্রথম কৃচ্ছতা পরিকল্পনার বিরুদ্ধে ধর্মঘট হয়েছে।
সরকারি ব্যয় হ্রাস পরিকল্পনা এবং শ্রমবাজার সংস্কারকে প্রাধান্য দিয়ে বৃহস্পতিবার স্পেনের প্রধানমন্ত্রী হোসে লুইস রড্রিগুয়েজ জাপাতেরো পার্লামেন্টে ২০১১ সালের বাজেট প্রকাশ করার আগেই এর প্রতিবাদে ধর্মঘট শুরু করেছে ট্রেড ইউনিয়নগুলো। পরিবহন কর্মীরা এ ধর্মঘটে শামিল হয়েছে।
ট্রেড ইউনিয়ন জানিয়েছে, প্রায় এক কোটি মানুষ অর্থাৎ মোট জনশক্তির অর্ধেকাংশেরও বেশি ধর্মঘটে অংশ নিচ্ছে। তবে সরকারি কর্মকর্তারা ধর্মঘটকারীদের পরিসংখ্যান দেননি।
স্পেন সরকারের কৃচ্ছতা পরিকল্পনা, শ্রমবাজার সংস্কার, পেনশন ব্যবস্থায় পরিবর্তন এবং চাকরি থেকে অবসর গ্রহণের বয়স ৬৫ থেকে ৬৭ করার প্রতিবাদে প্রধান দুইটি শ্রমিক ইউনিয়ন সিসিওও এবং ইউজিটি এ ধর্মঘট ডাকে।
ক্রমবর্ধমান ঋণের ঝুঁকি মোকাবেলায় ইউরোপীয় ইউনিয়নভূক্ত অনেক দেশই বেতন, পেনশন ও নিয়োগের হার কমানোর পরিকল্পনা হাতে নিয়েছে।
শ্রমিক ইউনিয়নগুলো দাবি করছে, সরকারের এ পদক্ষেপে অর্থনৈতিক পুনর্গঠন পিছিয়ে যাবে এবং দরিদ্ররা ভূক্তভোগী হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিবি/বিসিএস/এলকিউ/২১২১ ঘ.
bdnews24