লাগোস, সেপ্টেম্বর ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)-নাইজেরিয়ার আবিয়া প্রদেশে একটি স্কুল বাসের ১৫ শিক্ষার্থীকে অপহরণ করে মুক্তিপণ দাবি করেছে অস্ত্রধারীরা। পুলিশ মঙ্গলবার একথা জানিয়েছে।
প্রাদেশিক পুলিশের মুখপাত্র জিওফ্রে অগবোন্না রয়টার্সকে বলেন, সোমবার সকালে প্রাদেশিক রাজধানী উমাহিয়ার আবাইয়া ইন্টারন্যাশনাল স্কুলের নার্সারি ও প্রাইমারির শিক্ষার্থীরা স্কুলে যাওয়ার পথে অস্ত্রের মুখে তাদের অপহরণ করে দুর্বৃত্তরা।
তিনি বলেন, "স্কুল কর্তৃপক্ষের কাছে মুক্তিপণ দাবি করছে অপহরণকারীরা। আবিয়া প্রদেশে স্কুল শিক্ষার্থী অপহরণের ঘটনা এটাই প্রথম। এটা খুবই দুর্ভাগ্যজনক।"
স্থানীয় একটি সংবাদ মাধ্যম জানিয়েছে, অপহরণকারীরা ২ কোটি নাইরা (দেড় লাখ ডলার) মুক্তিপণ দাবি করেছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচ/এলকিউ/১৬৫২ ঘ.
bdnews24