লন্ডন, সেপ্টেম্বর ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- সন্দেহভাজন আল কায়েদা সংশ্লিষ্ট একটি জঙ্গি গোষ্ঠীর ইউরোপের শহরগুলোতে একযোগে হামলা চালানোর পরিকল্পনা নস্যাৎ করেছে গোয়েন্দা সংস্থাগুলো। যুক্তরাজ্যের স্কাই নিউজ মঙ্গলবার এ খবর জানিয়েছে।
স্কাই নিউজ চ্যানেলটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক টিম মার্শাল বলেন, পাকিস্তান ভিত্তিক জঙ্গিরা লন্ডনসহ ফ্রান্স ও জার্মানির শহরগুলোতে হামলা চালানোর পরিকল্পনা করেছিল।
মার্শাল আরো বলেন, সন্ত্রাসী হামলার পরিকল্পনা নস্যাৎ করতে গত কয়েক সপ্তাহে পাকিস্তানে জঙ্গিদের লক্ষ্য করে চালকবিহীন বিমান থেকে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়।
পশ্চিমা শক্তিগুলোর পরামর্শেই ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে।
স্কাই নিউজের প্রতিবেদন সম্পর্কে যুক্তরাজ্যের নিরাপত্তা বাহিনী কোনো মন্তব্য করতে অস্বীকৃতি জারিয়েছে।
এ প্রতিবেদন সম্পর্কে যুক্তরাষ্ট্রের নিরাপত্তা কর্মকর্তারা জানিয়েছেন, হামলার পরিকল্পনা নস্যাৎ করা সম্ভব হয়েছে কি না এ বিষয়ে তারা নিশ্চিত নয়। কিন্তু তারা বিশ্বাস করে হামলার পরিকল্পনা অব্যাহত রয়েছে।
১৬ সেপ্টেম্বর যুক্তরাজ্যের এমআই৫ সিকিউরিটি সার্ভিসের প্রধান জনাথন ইভানস বলেন, "রক্তক্ষয়ী হামলার মারাত্মক ঝুঁকি রয়েছে।"
জানুয়ারিতে ব্রিটেন আন্তর্জাতিক সন্ত্রাসী হামলার ঝুঁকি ঠেকাতে তার পাঁচস্তর বিশিষ্ট নিরাপত্তা ব্যবস্থার দ্বিতীয় সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচ/সিআর/১৩৪৫ঘ.
bdnews24