ক্লেভেল্যান্ড, সেপ্টেম্বর ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)-যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জিমি কার্টার মঙ্গলবার পাকস্থলীর সমস্যায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।
তিনি এখন ক্লিভেল্যান্ডের একটি হাসপাতালে চিকিৎসাধীন থাকলেও বুধবার থেকে একটি নতুন বইয়ের কপিতে স্বাক্ষর দিতে সফর শুরু করবেন বলে আটলান্টা ভিত্তিক 'দ্য কার্টার সেন্টার' এক বিবৃতিতে জানিয়েছে।
কার্টার মঙ্গলবার তার নতুন বই 'হোয়াইট হাউজ ডায়রি'র কপিতে সই দিতে হার্টসফিল্ড-জ্যাকসন আটলান্টা আন্তর্জাতিক বিমান বন্দর থেকে ক্লিভেল্যান্ড হপকিন্স আন্তর্জাতিক বিমান বন্দরে যাওয়ার একটি ফ্লাইটে থাকা অবস্থায় পাকস্থলীতে অস্বস্তি বোধ করতে থাকেন।
স্থানীয় সময় সকাল সাড়ে ১১ টায় বিমানটি ক্লিভেল্যান্ড বিমান বন্দরে জরুরি ভিত্তিতে অবতরণ করে।
সেখান থেকে তাকে মেট্রো হেলথ হাসপাতালে নেওয়া হয়।
গত শুক্রবার ৮৬ বছর পেরোনো কার্টার ১৯৭৭ থেকে ১৯৮১ সাল পর্যন্ত যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ছিলেন। এরপর থেকে কার্টার আন্তর্জাতিক কূটনীতিকের দায়িত্ব পালন শুরু করেন।
২০০২ সালে শান্তিতে নোবেল জয়ী কার্টারকে বিদেশে আটক মার্কিন নাগরিকদের মুক্তি এবং আন্তর্জাতিক নির্বাচনী পর্যবেক্ষকের দায়িত্বেই বেশি দেখা যায়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচ/সিআর/১১৫৫ঘ.
bdnews24