ইসলামাবাদ, সেপ্টেম্বর ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- আফগানিস্তান থেকে সীমানা পেরিয়ে পাকিস্তানে ঢুকে ন্যাটো বাহিনীর হেলিকপ্টার হামলা চালানোর প্রতিবাদ জানিয়েছে ইসলামাবাদ।
সোমবার পাকিস্তান এ প্রতিবাদ জানায়। ভবিষ্যতে এরকম হামলা হলে এর পাল্টা জবাব দেওয়ার চিন্তা-ভাবনা করা হবে বলেও জানিয়েছে পাকিস্তান।
ন্যাটো-পরিচালিত আন্তর্জাতিক নিরাপত্তা সহায়তা বাহিনী 'আইএসএএফ' এর দুটো এপাচি হেলিকপ্টার শনিবার পূর্ব আফগানিস্তান থেকে সীমান্ত পেরিয়ে পাকিস্তানের মাটিতে হামলা চালায়। এতে ৩০ জঙ্গি নিহত হয়।
ন্যাটো বাহিনীর এ ধরনের হামলা বিরল।
আফগানিস্তানের খোস্ত প্রদেশে একটি প্রত্যন্ত নিরাপত্তা ফাঁড়িতে জঙ্গি হামলার পরপরই এ পাল্টা হামলা চালায় ন্যাটো।
হেলিকপ্টার দুটো পাকিস্তানে প্রবেশ করে হামলা চালিয়েছে বলে জানান আইএসএএফ এর মুখপাত্র সার্জেন্ট মাত সুমারস।
এ হামলায় কোন দেশের বাহিনী জড়িত ছিল সে ব্যাপারে তিনি কোনো মন্তব্য করেননি। তবে এপাচি হেলিকপ্টার কেবল ব্যবহার করে ন্যাটোর মার্কিন বাহিনীই।
যুক্তরাষ্ট্র প্রায়ই পাকিস্তানে তালেবান জঙ্গি দমনে চালকবিহীন বিমান (ড্রোন) হামলা চালিয়ে আসছে। কিন্তু সীমান্ত পেরিয়ে পাকিস্তানে ন্যাটো বাহিনীর এমন বিমান হামলার ঘটনা খুবই বিরল।
সীমান্ত এলাকা থেকে রয়টার্সের এক সাংবাদিক বলেছেন, সোমবারও খুব সম্ভবত পাকিস্তানে ন্যাটো হামলা হয়েছে। এতে পাকিস্তানের কুররাম এলাকায় ৬ জঙ্গি মারা পড়েছে।
তবে আইএসএএফ এর মুখপাত্র বলছেন, তারা সীমান্তের কাছে হেলিকপ্টার হামলা চালালেও হেলিকপ্টারগুলো সীমান্ত পেরোয়নি।
কিন্তু পাকিস্তানের অভিযোগ, ন্যাটো জঙ্গি হেলিকপ্টার দুবার সীমানা লঙ্ঘন করেছে। পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রণালয়ের মুখপাত্র এক বিবৃতিতে বলেছেন, জাতিসংঘের যে ম্যান্ডেট নিয়ে আইএসএএফ কাজ করে তাতে এ ঘটনায় পুরোপুরি ম্যান্ডেট লঙ্ঘিত হয়েছে।
বিবৃতিতে বলা হয়, এ ব্যাপারে যথাযথ ব্যবস্থা না নেওয়া হলে পাকিস্তান এর জবাব দেওয়ার কথা বিবেচনা করতে বাধ্য হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিবি/এলকিউ/২০৩১ ঘ.
bdnews24