২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সাক্ষ্য দিতে অস্বীকৃতি ১১ মার্কিন সেনার

আফগানিস্তানে বেসামরিক নাগরিক হত্যা মামলায় সোমবার সামরিক ট্রাইবুনালে সাক্ষ্য দিতে অস্বীকৃতি জানিয়েছে ১১ মার্কিন সেনা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Sep 2010, 08:15 AM

Updated : 25 Aug 2022, 06:43 PM

ওয়াশিংটন, সেপ্টেম্বর ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- আফগানিস্তানে বেসামরিক নাগরিক হত্যা মামলায় সোমবার সামরিক ট্রাইবুনালে সাক্ষ্য দিতে অস্বীকৃতি জানিয়েছে ১১ মার্কিন সেনা। এ হত্যা মামলায় সাক্ষ্য দিতে হাজির না হওয়ার সাংবিধানিক অধিকার তাদের রয়েছে জানিয়ে ট্রাইবুনালে উপস্থিত হননি ঐ সেনারা। আফগানিস্তানে বেসামরিক নাগরিক হত্যা ও নিহত-আহতদের অঙ্গ-প্রত্যঙ্গ সংরক্ষণ ও সেগুলোর ছবি যুদ্ধের স্মারক হিসেবে রেখে দেওয়ার অপরাধে ১২ সেনার মধ্যে সোমবার প্রথম সামরিক আদালতে বিচার শুরু হয় আলাস্কার ২২ বছর বয়সী মার্কিন সেনা জেরেমি মরলোকের। । তিন বেসামরিক আফগান নাগরিক হত্যা, সহযোদ্ধা এক সেনাকে নিপীড়ন ও আহতদের ছবি তোলা ও সংরক্ষণের অভিযোগ আনা হয়েছে তার বিরুদ্ধে। সব অভিযোগ প্রমাণিত হলে মরলোকের মৃত্যদণ্ড হতে পারে। সোমবার মরলোক প্রথমবারের মতো সামরিক আদালতে উপস্থিত হলে কৌসুলিরা এক তদন্তকারীর সামনে অভিযোগের পক্ষে তথ্য-প্রমাণ তুলে ধরেন। মামলাটি কোর্ট মার্শালে পাঠানো হবে কিনা সে বিষয়ে সিদ্ধান্ত দেবেন ঐ কর্মকর্তা। মার্কিন সেনাবাহিনীর মুখপাত্র মেজর ক্যাথলিন টার্নার সোমবার রয়টার্সকে জানান, ওয়াশিংটনের এক সামরিক আদালতে শুনানি চলাকালে মরলোকের বেসামরিক আইনজীবী মাইকেল ওয়াডিংটন আদালতকে বলেন, গত মে মাসে মামলার তদন্ত কর্মকর্তা অ্যান্ডারসন ওয়াগনার আসামী মরলোককে জিজ্ঞাসাবাদ করেন। এ সময় মরলোক ডাক্তারের পরামর্শ অনুযায়ী কিছু উত্তেজক ওষুধ সেবনের প্রভাবে অস্বাভাবিক অবস্থায় ছিলেন। ওয়াগনারও মরলোকের ওষুধ সেবনের কথা জানতেন বলে স্বীকার করে বলেন, তারপরও মরলোক তখন বেশ গুছিয়ে দ্রুত প্রশ্নগুলোর উত্তর দেন এবং তাকে তখন অপ্রকৃতস্থ মনে হয়নি। মরলোকের কাছে আহত আফগানদের বীভৎস ছবি থাকার কথা জানা গেছে। এগুলো আবু গারিব কারাগারে মার্কিন সেনারা ইরাকি বন্দিদের নগ্ন ছবি তোলার পর তা প্রকাশ হয়ে গেলে বিশ্বব্যাপী যে নিন্দার ঝড় উঠেছিলো তা স্মরণ করিয়ে দেয়। এক বছর আগে ওয়াশিংটনের পঞ্চম ব্রিগেডের সেনাদের কান্দাহারে পাঠানো হয়। যাদের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে তারা তাদের মধ্যেই ছিলেন। অভিযোগপত্র অনুসারে ঐ বেসামরিক আফগানদের হত্যা করা হয় চলতি বছরের জানুয়ারি ও মার্চের মধ্যে। নিহতদের মধ্যে দু'জনকে প্রথমে গ্রেনেড ছুড়ে ও পরে গুলি করে হত্যা করা হয় এবং তৃতীয় জনকে গুলি করে হত্যা করা হয় বলে অভিযোগে বলা হয়েছে। জুনে বেসামরিক নাগরিক হত্যায় অভিযোগ আনা ৫ মার্কিন সেনার মধ্যে মরলোক প্রথম। নিহতদের সংখ্যা কমানো ও অন্য বেশ কিছু অপরাধে অন্য সাত সেনার বিরুদ্ধেও অভিযোগ রয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচ/সিআর/১৪০৬ঘ.