২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

উত্তর কোরিয়ার পরবর্তী নেতা জং উন?

কিম জং উনই যে উত্তর কোরিয়ার পরবর্তী নেতা মনোনীত হতে যাচ্ছেন এ বিষয়টি আরো জোরালো হয়ে উঠেছে। দেশটির বর্তমান নেতা কিম জং ইল তার সবচেয়ে ছোট ছেলে জং উনকে সেনাবাহিনীর জেনারেল পদে নিয়োগ দিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Sep 2010, 04:22 AM

Updated : 25 Aug 2022, 06:43 PM

সিউল, সেপ্টেম্বর ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- কিম জং উনই যে উত্তর কোরিয়ার পরবর্তী নেতা মনোনীত হতে যাচ্ছেন এ বিষয়টি আরো জোরালো হয়ে উঠেছে। দেশটির বর্তমান নেতা কিম জং ইল তার সবচেয়ে ছোট ছেলে জং উনকে সেনাবাহিনীর জেনারেল পদে নিয়োগ দিয়েছেন। রাষ্ট্রীয় সংবাদ সংস্থা কেসিএনএ মঙ্গলবার এ খবর জানায়। কমিউনিস্ট শাসিত উত্তর কোরিয়ার ক্ষমতাসীন ওয়ার্কার্স পার্টির জাতীয় সম্মেলন শুরু হতে আর মাত্র কয়েক ঘণ্টা বাকি রয়েছে। ঠিক এর আগেই এই সিদ্ধান্ত নিলেন কিম জং ইল। ৩০ বছর আগে ১৯৮০ সালে সর্বশেষ ওয়ার্কার্স পার্টির জাতীয় সম্মেলন হয়েছিল। সেখানে তৎকালীন উত্তর কোরিয়ার নেতা কিম ইল সং তার ছেলে বর্তমান নেতা কিম জং ইলকে উত্তরাধিকার হিসাবে মনোনীত করেন। দুই বছর আগে ৬৮ বছর বয়সী কিম জং ইল স্ট্রোকে আক্রান্ত হন। শারীরিক অবস্থাও তেমন ভালো নয়। এরই কারণে তার উত্তরাধিকার কে হচ্ছেন এই বিষয়টি আলোচনার সামনে চলে আসে। সমগ্র বিশ্বও পর্যবেক্ষণ করছে উত্তরাধিকারী হিসাবে তিনি কাকে মনোনীত করেন। চলতি মাসের শুরুতে ওয়ার্কার্স পার্টির জাতীয় সম্মেলন হওয়ার কথা থাকলেও সেটি পিছিয়ে দেন কিম জং ইল। জাতীয় সম্মেলনে অংশ নিতে ইতোমধ্যে উত্তর কোরিয়ার রাজধানী পিয়ংইয়ং এ উপস্থিত হয়েছেন দলের শীর্ষ নেতারা। প্রসঙ্গত, সামরিক বাহিনীর নিয়ন্ত্রণ যার হাতে থাকে, দলের কর্তৃত্বও তার। ফলে কিম জং ইলের কনিষ্ঠ ছেলের চার তারকা জেনারেল হিসাবে নিয়োগ দলের নেতৃত্বে নিয়ে আসারই পূর্বাভাস। কিম জং ইলের কনিষ্ঠ ছেলে কিম জং উনের সম্পর্কে খুব অল্পই জানা যায়। তাকে অনেকটাই আড়ালে রাখা হয়। ধারণা করা হয় ১৯৮৩ কিংবা ৮৪ সালে তার জন্ম। ২৭ কিংবা ২৮ বছর বয়সী কিম জং উন সুইজারল্যান্ডে স্কুল জীবন পার করেছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিআর/০৯৪৫ঘ.