২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ফ্রান্সে অক্টোবরে শান্তি আলোচনার আমন্ত্রণ সারকোজির

অক্টোবর শেষের আগেই শান্তি আলোচনায় বসতে ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং মিশরের প্রেসিডেন্ট হোসনি মুবারককে প্যারিসে আমন্ত্রণ জানিয়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট নিকোলাস সারকোজি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Sep 2010, 04:19 PM

Updated : 25 Aug 2022, 06:42 PM

প্যারিস, সেপ্টেম্বর ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- অক্টোবর শেষের আগেই শান্তি আলোচনায় বসতে ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং মিশরের প্রেসিডেন্ট হোসনি মুবারককে প্যারিসে আমন্ত্রণ জানিয়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট নিকোলাস সারকোজি। সোমবার প্যারিসে আব্বাসের সঙ্গে বৈঠকের পর এক সংবাদ সম্মেলনে সারকোজি নেতাদেরকে এ আহ্বান জানানোর ঘোষণা দেন। সংবাদ সম্মেলনে আব্বাস বলেন, রোববার শেষ হওয়া ইহুদি বসতি স্থাপন আংশিক বন্ধের মেয়াদ আরো ৩-৪ মাস বাড়ানো উচিত। সারকোজি তার এ বক্তব্যে জোর সমর্থন জানিয়েছেন। তিনি বলেছেন, "বসতি স্থাপন অবশ্যই বন্ধ করা উচিত"। আব্বাস এবং নেতানিয়াহু প্যারিসে আলোচনায় বসতে রাজিও হয়েছেন বলে জানিয়েছেন সারকোজি। ইসরায়েল সোমবার বসতিস্থাপন বন্ধের মেয়াদ বাড়ানোর যুক্তরাষ্ট্রের আহ্বান উপেক্ষা করে বসতি পুনর্নিমাণ শুরু করেছে। এতে ওয়াশিংটনের উদ্যোগে নতুন করে শুরু হওয়া মধ্যপ্রাচ্য শান্তি আলোচনা থেকে ফিলিস্তিনিদের বেরিয়ে যাওয়ার হুমকি সৃষ্টি হয়েছে। ফিলিস্তিনিরা ৪ অক্টোবরে তাদের নেতারাসহ আরব দেশগুলোর নেতাদের সঙ্গে আলোচনার পর এ ব্যাপারে সিদ্ধান্ত নেবে বলে জানিয়েছে। এর মধ্যে প্যারিসে আরো আলোচনার আহ্বান শান্তি প্রচেষ্টাকে জটিল করে তুললো কিনা এ প্রশ্নের জবাবে সারকোজি বলেন, যুক্তরাষ্ট্রের সমর্থন ছাড়া কোনো কিছুই করা সম্ভব না। তবে তাদের একার প্রচেষ্টাই মধ্যপ্রাচ্য সঙ্কটের স্থায়ী সমাধানের জন্য যথেষ্ট না। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এলকিউ/২২০৬ ঘ.