কাবুল, সেপ্টেম্বর ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- পাকিস্তানে বিরল হামলা চালিয়ে ৩০ জঙ্গিকে হত্যা করেছে ন্যাটোর দুটি হেলিকপ্টার। ন্যাটো বাহিনী রোববার একথা জানিয়েছে।
ন্যাটো-পরিচালিত আন্তর্জাতিক নিরাপত্তা সহায়তা বাহিনী 'আইএসএএফ' এর দুটো এপাচি হেলিকপ্টার শুক্রবার পূর্ব আফগানিস্তান থেকে সীমান্ত পেরিয়ে পাকিস্তানের মাটিতে হামলা চালায়।
আফগানিস্তানের খোস্ত প্রদেশে একটি প্রত্যন্ত নিরাপত্তা ফাঁড়িতে জঙ্গি হামলার পরপরই এ পাল্টা হামলা চালায় ন্যাটো।
হেলিকপ্টার দুটো পাকিস্তানে প্রবেশ করে হামলা চালিয়েছে-- এ খবর নিশ্চিত করে জানিয়েছেন আইএসএএফ এর মুখপাত্র সার্জেন্ট মাত সুমারস।
এ হামলায় কোন দেশের বাহিনী জড়িত ছিল সে ব্যাপারে তিনি কোনো মন্তব্য করেননি। তবে এপাচি হেলিকপ্টার কেবল ব্যবহার করে ন্যাটোর মার্কিন বাহিনীই।
যুক্তরাষ্ট্র প্রায়ই পাকিস্তানে তালেবান জঙ্গি দমনে চালকবিহীন বিমান (ড্রোন) হামলা চালিয়ে আসছে। কিন্তু সীমান্ত পেরিয়ে পাকিস্তানে ন্যাটো বাহিনীর এমন বিমান হামলার ঘটনা খুবই বিরল।
আইএসএএফ এক বিবৃতিতে রোববার বলেছে, ন্যাটো হেলিকপ্টার যুদ্ধের নিয়ম মেনেই সীমান্ত পেরিয়ে পাকিস্তানে প্রবেশ প্রবেশ করেছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিবি/এলকিউ/১৬৪১ ঘ.
bdnews24