২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আফগানিস্তানে ৭ প্রদেশে ভোট পুনর্গণনার নির্দেশ

আফগানিস্তানের নির্বাচন কর্তৃপক্ষ কারচুপির অভিযোগে স্থগিত ৭টি প্রদেশের কিছু ভোট পুনরায় গণনার নির্দেশ দিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Sep 2010, 09:40 AM

Updated : 25 Aug 2022, 06:42 PM

কাবুল, সেপ্টেম্বর ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- আফগানিস্তানের নির্বাচন কর্তৃপক্ষ কারচুপির অভিযোগে স্থগিত ৭টি প্রদেশের কিছু ভোট পুনরায় গণনার নির্দেশ দিয়েছে। এর ফলে নির্বাচনী ফলাফল ঘোষণায় বিলম্ব হতে পারে বলে সোমবার কর্মকর্তারা জানিয়েছেন। প্রদেশগুলো হচ্ছে কুন্দুজ, বালখ, তাখার, বাদাখশান, পারওয়ান, লোগার এবং খোস্ত। আফগানিস্তানের স্বাধীন নির্বাচন কমিশনের (আইইসি) কমিশনার জাকারিয়া বারাকজাই রয়টার্সকে জানান, "যথেষ্ট তথ্য-প্রমাণের ভিত্তিতেই নির্বাচনী ফলাফল স্থগিত করে পুনর্গণনার নির্দেশ দেওয়া হয়েছে।" অন্য প্রদেশগুলোতেও ভোট পুনর্গণনার নির্দেশ দেওয়া হতে পারে বলে জানা গেছে। বারাকজাই জানান, পূর্বাঞ্চলীয় খোস্ত প্রদেশের পাঁচটি ভোটকেন্দ্রের সব ভোট বাতিল ঘোষণা করেছে কমিশন। তালেবান হুমকির মধ্যেই গত ১৮ সেপ্টেম্বর আফগানিস্তানে পার্লামেন্ট নির্বাচন অনুষ্ঠিত হয়। যদিও দুর্বল নিরাপত্তা ব্যবস্থার কারণে শত শত ভোটকেন্দ্র বন্ধ ছিল। আগামী ৩০ অক্টোবর নির্বাচনের চূড়ান্ত ফলাফল ঘোষণা করার কথা। কিন্তু ভোট পুনর্গণনার কারণে তাতে বিলম্ব হতে পারে বলে জানান বারকজাই। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিআর/১৫২০ঘ.