বেইজিং/ টোকিও, সেপ্টেম্বর ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- চীনা মাছ ধরার ট্রলারের ক্যাপ্টেন আটকের ঘটনায় জাপানকে ক্ষমা চাইতে ও ক্ষতিপূরণ দিতে হবে বলে আবারো দাবি করেছে চীন।
এর আগে শনিবার সকালের দিকে চীন এ ঘটনায় জাপানের কাছে ক্ষমা ও ক্ষতিপূরণ দাবি করলে জাপান তা নাকচ করে দেয়।
জাপানের এ প্রতিক্রিয়ার পর শনিবার দিনের শেষদিকে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জিয়্ংা উ মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশিত এক বিবৃতিতে বলেন,"জাপানের এ পদক্ষেপগুলো চীনের সার্বভৌমত্ব ও চীনা নাগরিকের মানবাধিকার ক্ষুন্ন করেছে। তাই চীন অবশ্যই এ ঘটনায় জাপানের কাছে ক্ষমা ও ক্ষতিপূরণ দাবি করতে পারে।"
ওদিকে, ক্যাপ্টেনকে ছেড়ে দেওয়ার পর ক্ষমা চাওয়ার কোনো প্রয়োজনীয়তা নেই বলে জানায় জাপান।
চীনের ক্ষমা ও ক্ষতিপূরণের দাবি নাকচ করে শনিবার জাপানের পররাষ্ট্রমন্ত্রী কাতসুয়া ওকাদা বলেন, "এটা ছিলো আমাদের জলসীমা এবং তাকে গ্রেপ্তারে আইনের লঙ্ঘন হয়নি।"
গত ৭ সেপ্টেম্বর পূর্ব চীন সাগরের একটি দ্বীপপুঞ্জের কাছে বিরোধপূর্ণ জলসীমায় জাপানি উপকূলরক্ষী বাহিনীর দুটি জাহাজের সঙ্গে চীনা মাছ ধরা ট্রলারটির সংঘর্ষ হলে সবাইকে আটক করে জাপান।
পরবর্তীতে জাপানি কর্তৃপক্ষ ১৪ জনকে ছেড়ে দিলেও ক্যাপ্টেনকে আটক রাখে।
শনিবার চীনা ট্রলারের ক্যাপ্টেনকে মুক্তি দেওয়ার পর দেশীয় গণমাধ্যমের তোপের মুখে পড়েছে জাপান সরকার। চীনের চাপে 'নত হয়েই' ক্যাপ্টেনকে ছেড়ে দেওয়া হয়েছে বলে সরকারের কড়া সমালোচনা করছে গণমাধ্যম। তাছাড়া এ ঘটনার পর চীন চার জাপানিকে আটক করেছে ্বলেও বলা হচ্ছে।
যদিও এ ঘটনার সঙ্গে জাপানিদের আটকের বিষয়টি জড়িত নয় বলে জাপানি কর্মকর্তারা জানিয়েছেন।
শনিবার জাপান থেকে মুক্তি পেয়ে চীনে ফিরে গেছেন মাছ ধরার ট্রলারের ক্যাপ্টেন ঝান কিজিয়ং।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এএইচ/১২২২ ব.
bdnews24