নিউ ইয়র্ক, সেপ্টেম্বর ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- জাতিসংঘের সাধারণ অধিবেশনে ইরানের প্রেসিডেন্ট মাহমুদ আহমেদিনেজাদ নিউ ইয়র্কে ২০০১ সালের ১১ সেপ্টেম্বর হামলার পেছনে যুক্তরাষ্ট্র সরকারের হাত রয়েছে বলে ইঙ্গিতপূর্ণ ভাষণ দেওয়ায় শুক্রবার প্রেসিডেন্ট বারাক ওবামা এর তীব্র নিন্দা জানিয়েছেন।
যুক্তরাষ্ট্রের একজন কর্মকর্তা বিবিসি পারসিয়ান নিউস সার্ভিসে দেওয়া ওবামার এক সাক্ষাৎকারের অংশবিশেষ উদ্ধৃত করে জানিয়েছেন, ওবামা আহমেদিনেজাদের বক্তব্যকে 'আক্রমাণত্মক', 'ঘৃণ্য' ও 'অমার্জনীয়' বলে অভিহিত করেছেন।
বৃহস্পতিবার নিউ ইয়র্কের ভাষণে আহমেদিনেজাদ বলেছেন, যুক্তরাষ্ট্রের যেসব সরকারি কর্মকর্তা এবং কূটনীতিকরা বিশ্বাস করেন ইসলামি জঙ্গী আল কায়েদা বিমান অপহরণের মাধ্যমে সন্ত্রাসী হামলা চালিয়ে নিউ ইয়র্কের ওয়ার্ল্ড ট্রেড সেন্টার গুড়িয়ে দিয়েছে তারাই এ হামলার পিছনে রয়েছে।
এ ভাষণের প্রতিবাদ করে সাধারণ অধিবেশন থেকে বেরিয়ে গেছে যুক্তরাষ্ট্র, ইউ এবং এদের মিত্র দেশের প্রতিনিধিরা।
বেশিরভাগ মার্কিন জনগণ, বিশ্বের অধিকাংশ রাষ্ট্র এবং রাজনীতিবীদরা এ বক্তব্যের সঙ্গে একমত বলেও মন্তব্য করেছেন আহমেদিনেজাদ।
অন্যদিকে আহমেদিনেজাদের এ বক্তব্যের প্রতিবাদ জানিয়েছে হোয়াইট হাউস ও ইউরোপীয় ইউনিয়ন।
হোয়াইট হাউসের মুখপাত্র বিল বার্টন বলেছেন , মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা মনে করেন আহমেদিনেজাদের এ বক্তব্য অত্যন্ত নিষ্ঠুর ও অশোভন। বিশেষ করে যে শহরে ৯/১১ এর সন্ত্রাসী হামলা হয়েছে এমন শহরে তিনি এ কথা বলেছেন।
ইউরোপিয় ইউনিয়নের পররাষ্ট্র নীতির প্রধান ক্যাথেরিনা এস্টন বলেছেন, ''এ বক্তব্য খুবই জঘন্য এবং অগ্রহণযোগ্য।'
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিবি/বিসিএস/জিএনএ/২৩০৮ ঘ.
bdnews24