জাতিসংঘ, সেপ্টেম্বর ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- বৈশ্বিক দারিদ্র্য মোকাবিলায় নতুন পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা।
বুধবার নিউ ইয়র্কে জাতিসংঘ সদরদপ্তরে সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্য (এমডিজি) বিষয়ক এক বিশেষ অধিবেশনে তিনি এ আহ্বান জানান।
দরিদ্রদের অর্থনৈতিক অবস্থার উন্নয়ন এবং দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধকেই তার প্রশাসন গুরুত্ব দেবে বলে এ সময় জানান মার্কিন প্রেসিডেন্ট।
ওবামা বলেন, দারিদ্র্যের বিরুদ্ধে যুদ্ধে শুধু খাদ্য-ওষুধ সহায়তার মাধ্যমে সফল হওয়ার কোনো সুযোগ নেই। এটি স্বল্প সময়ের জন্য মানুষের জীবন বাঁচাতে পারলেও দরিদ্র দেশের উন্নয়নে সবসময় সহায়তা করে না।
"ওই পরিস্থিতি থেকে মুক্তি পেতে আমাদের সহায়তার থেকেও বেশি কিছু করা প্রয়োজন।"
এমডিজির তিনদিনের বিশেষ এ অধিবেশনে ১৪০টি দেশের প্রতিনিধিরা অংশ নেন। ২০১৫ সালের মধ্যে এমডিজি পূরণের অবস্থা পর্যালোচনার জন্য এ অধিবেশনের আয়োজন করে জাতিসংঘ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিআর/এজে/০৯৩৫ ঘ.
bdnews24