টোকিও, সেপ্টেম্বর ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- চীনা ট্রলারের আটক ক্যাপ্টেনকে ছেড়ে না দিলে জাপানের বিরুদ্ধে আরো কঠোর পাল্টা ব্যবস্থা নেওয়ার হুমকি দিয়েছেন চীনের প্রধানমন্ত্রী ওয়েন জিয়াবাও।
মঙ্গলবার নিউ ইয়র্কে জাতিগত চীনাদের সঙ্গে এক বৈঠকে জিয়াবাও এ হুমকি দেন।
বিতর্কিত সমুদ্র সীমায় সংঘর্ষের ঘটনা নিয়ে দু'দেশের চলমান বিরোধের মধ্যে এই প্রথম মুখ খুললেন জিয়াবাও।
আটক ক্যাপ্টেনকে নিঃশর্তভাবে মুক্তি দেওয়ার দাবি জানান তিনি।
উল্লেখ্য, এ মাসের শুরুতে পূর্ব চীন সাগরের একটি দ্বীপের কাছে বিরোধপূর্ণ জলসীমায় জাপানি জাহাজের সঙ্গে চীনা মাছ ধরা ট্রলারের সংঘর্ষ হলে সবাইকে আটক করে জাপানি উপকূলরক্ষী বাহিনী।
পরবর্তীতে ১৪ জনকে ছেড়ে দিলেও ক্যাপ্টেনকে ছাড়েনি জাপান কর্তৃপক্ষ।
চীন বরাবরই আটক ক্যাপ্টেনের মুক্তি দাবি করে আসছে।
জাপান এ ঘটনায় শান্ত থাকার আহ্বান জানিয়েছে। কিস্তু বিরোধ নিষ্পত্তির কোনো আভাস দিচ্ছে না।
জিয়াবাও বলেছেন, চীনের দাবি জাপান কানে তুলছে না। আর সে কারণেই জাপানের বিরুদ্ধে প্রয়োজনীয় পাল্টা পদক্ষেপ না নিয়ে পারছে না চীন।
তিনি আরো বলেন, উপদেশ, পরামর্শের তোয়াক্কা না করে জাপান তার ইচ্ছামত কাজ করতে থাকলে চীন তাদের বিরদ্ধে আরো পদক্ষেপ নেবে। আর তখন সব মারাত্মক পরিণতির জন্য পুরোপুরি দায়ী হবে জাপান।
যে দ্বীপগুলোর কাছ থেকে ক্যাপ্টেনকে আটক করা হয়েছে তাদের মালিকানা নিয়েও চীন ও জাপানের মধ্যে বিরোধ রয়েছে। জিয়াবাও ওই দ্বীপগুলোকে 'চীনের পবিত্র এলাকা' আখ্যা দেন।
ক্যাপ্টেন আটককে কেন্দ্র করে বিরোধে বেইজিং ইতোমধ্যেই জাপানের সঙ্গে উচ্চ পর্যায়ের আলোচনা বন্ধ করেছে। অন্যান্য আরো বিষয় নিয়েও আলোচনা পিছিয়ে গেছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিবি/এলকিউ/১৭১৩ ঘ.
bdnews24