লন্ডন, সেপ্টেম্বর ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- ইউরোপে পেনশন তহবিলে প্রয়োজনের তুলনায় ১ দশমিক ৯ ট্রিলিয়ন ইউরো কম জমা রেখেছে কর্মীরা।
ইন্স্যুরেন্স কোম্পানি আভিভা একথা জানিয়েছে।
বুধবার আভিভা প্রকাশিত এক পর্যবেক্ষণে দেখা গেছে, অবসর তহবিলের এ ঘাটতি ইউরোপীয় ইউনিয়নের বার্ষিক অর্থনৈতিক উৎপাদনের এক-পঞ্চমাংশের সমান। আর এটা মানুষের জীবনকালের সঙ্গে তার সঞ্চয়ী স্বভাবের ব্যর্থতাকে প্রতিফলিত করছে।
গবেষণায় আরো বলা হয়েছে, পেনশন তহবিলের সবচেয়ে বেশি ঘাটতি ব্রিটেনে। সেখানে ৩৭৯ বিলিয়ন ইউরো ঘাটতি রয়েছে। যা দেশটির জিডিপির ২৬ শতাংশ।
এর পরেই রয়েছে জার্মানি ও স্পেন। জার্মানির মোট জিডিপির ২৪ শতাংশ ও স্পেনের ১৮ শতাংশ ঘাটতি রয়েছে।
আভিভা জানিয়েছে, সঞ্চয় বাড়ানো না হলে ইউরোপীয় শ্রমিকরা বৃদ্ধ বয়সে বাড়ি বিক্রি করে অর্থ প্রদানে বাধ্য হবে অথবা 'জীবন যাত্রার মান তাৎপর্যপূর্ণভাবে কমানো' মেনে নিতে হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/সিআর/১২৪৫ঘ.
bdnews24