২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সেতু ধসে নতুন করে দুর্দশায় কমনওয়েলথ গেমস

নয়া দিল্লির ক্রীড়া পল্লীর বেহাল অবস্থার মধ্যে মঙ্গলবার সেতু ধসে ২৩ জন আহতের ঘটনায় নতুন করে লজ্জা আর দুর্দশায় পড়েছে কমনওয়েলথ গেমস।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Sep 2010, 02:20 PM

Updated : 25 Aug 2022, 06:40 PM

ঢাকা, সেপ্টেম্বর ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- নয়া দিল্লির ক্রীড়া পল্লীর বেহাল অবস্থার মধ্যে মঙ্গলবার সেতু ধসে ২৩ জন আহতের ঘটনায় নতুন করে লজ্জা আর দুর্দশায় পড়েছে কমনওয়েলথ গেমস। মঙ্গলবার কমনওয়েলথ গেমসের প্রধান ভেন্যু জওহরলাল নেহেরু স্টেডিয়ামের কাছে নির্মাণাধীন একটি সেতুতে কাজ করার সময় দুই ধার থেকে হঠাৎ হুড়মুড়িয়ে সেতুটি ভেঙে পড়লে কমপক্ষে ২৩ জন আহত হয়। আহতদের মধ্যে ৫ জনের অবস্থা আশঙ্কাজনক । এর আগে চারটি দল নিউজিল্যান্ড, স্কটল্যান্ড, কানাডা ও উত্তর আয়ারল্যান্ডের প্রতিনিধিরা পল্লীটি নোংরা, অস্বাস্থ্যকর ও মানুষ বাসের অযোগ্য বলে জানিয়েছিলেন। তার ওপর মঙ্গলবার সেতু ধসের ঘটনার পর অত্যন্ত অসন্তোষ প্রকাশ করেছেন কমনওয়েলথ গেমস প্রধান মাইকেল ফেনেল। পল্লীটি অ্যাথলেটদের জন্য উপযোগী নয় মন্তব্য করে তিনি এর মান উন্নয়নের জন্য ভারত সরকারের প্রতি দাবি জানিয়েছেন। কমনওয়েলথ গেমস শুরু হওয়ার মাত্র ১২ দিন বাকি থাকতে সেতু ধসের ঘটনা ঘটলো। গেমস শুরু হবে ৩ অক্টোবর। চলবে ১৪ অক্টোবর পর্যন্ত। গেমসের ব্যবস্থাপনা নিয়ে ইতোমধ্যেই সমালোচনার ঝড় উঠেছে। এর আগে গেমসের কাজ নির্দিষ্ট সময়ে শেষ না হওয়ায় বিভিন্ন মহল থেকে প্রশ্ন উঠছিল। তবে আয়োজকরা বরাবরই নির্দিষ্ট সময়ে কাজ শেষ করা নিশ্চয়তা দিয়ে আসছিলেন। তারমধ্যে নতুন করে নির্মাণাধীন হাঁটার সেতু ভেঙে পড়ায় ফের প্রশ্নের মুখে পড়েছে গেমস। অন্যদিকে, গত রোববার নয়া দিল্লিতে বিদেশি পর্যটকবাহী বাসে অস্ত্রধারীদের গুলি, গেমসে জঙ্গিদের হামলার হুমকি, মৌসুমি বৃষ্টি, ডেঙ্গু জ্বরের আশঙ্কা পরিবেশ আরো ঘোলাটে করে তুলেছে। যমুনা নদীর তীরে বন্যার পানি এখনো রয়ে গেছে কোথাও কোথাও। তাই এলাকাটি পরিণত হয়েছে মশার আস্তানায়। ফলে ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে বিভিন্ন ধরণের রোগ। গতমাসে পল্লীর আশেপাশে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে প্রায় এক শ' জন মারা গেছে। পল্লীর অবস্থার উন্নতি না হলে চার দলের প্রতিনিধিরা তাদের দলকে হোটেলে রাখার দাবি জানিয়েছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এনআই/টিআর/বিবি/এলকিউ/২১২৮ ঘ.