জাতিসংঘ, সেপ্টেম্বর ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- পাকিস্তানকে বন্যার্তদের জন্য দাতাগোষ্ঠীর প্রেরিত সাহায্যের স্বচ্ছ বিতরণ নিশ্চিত করার আহ্বান জানিয়েছে বিশ্ব ব্যাংক ও যুক্তরাষ্ট্র।
জুলাইয়ের শেষ দিকে পাকিস্তানে ভয়বহ বন্যা হয়। এতে দেশটির বিশাল এলাকা প্লাবিত হয়েছে। জাতিসংঘের হিসেব অনুযায়ী, ওই বন্যায় ২ কোটিরও বেশি মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। তাছাড়া, এতে প্রায় ১ হাজার ৭ শ' লোকের প্রাণহানি ও ১৯ লাখ বাড়িঘর বিধ্বস্ত হয়েছে।
পাকিস্তান বিষয়ক জাতিসংঘের উচ্চ পর্যায়ের এক বৈঠকে বিশ্ব ব্যাংকের প্রেসিডেন্ট রবার্ট জেলিক জানান, অক্টোবরে ব্রাসেলস সম্মেলনের আগেই বিদেশি ত্রাণ ব্যবস্থাপনায় পাকিস্তানের সক্ষমতা প্রমাণ করতে হবে।
ওই সম্মেলনে পাকিস্তানে বন্যায় ক্ষয়ক্ষতি বিষয়ক প্রতিবেদন মূল্যায়নের প্রস্তুতি নিচ্ছে বিশ্ব ব্যাংক ও এশীয় উন্নয়ন ব্যাংক।
জেলিক বলেন, "দাতাদের পূর্ণ সমর্থন নিশ্চিত করতে এবং কার্যকরভাবে ত্রাণের ব্যবহার নিশ্চিত করতে পাকিস্তান সরকারকে আইনের মাধ্যমে সহজ, জবাবদিহিতা, স্বচ্ছতার ওপর ভিত্তি করে পুনর্গঠনের কাজ করতে হবে।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এলকিউ/১৫৪৯ ঘ.
bdnews24