নিউ ইয়র্ক, সেপ্টেম্বর ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)---ইরানের প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদ রোববার যুক্তরাষ্ট্রের প্রতি আট ইরানিকে মুক্তি দেওয়ার আহ্বান জানিয়েছেন।
গত সপ্তায় ২০০৯ সাল থেকে ইরানে আটকে থাকা এক মার্কিন নারীকে মানবিক বিবেচনায় মুক্তি দেওয়ার কথা উল্লেখ করে তিনি এ আহ্বান জানালেন।
৩২ বছর বয়ষ্ক মার্কিন নাগরিক সারাহ সোর্ডকে গত বছর ইরানে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে আটক করা হয়। গুপ্তচর সন্দেহে তাকে এক বছরেরও বেশি সময় আটকে রাখা হয়।
গত ১৪ সেপ্টেম্বর মুক্তি দেওয়ার পর সারাহ রোববার যুক্তরাষ্ট্রে পৌঁছেন। সোমবার তার একটি সংবাদ সম্মেলনে অংশ নেয়ার কথা রয়েছে।
দোভাষীর সহায়তায় সংবাদ সংস্থা এবিসি'র অনুষ্ঠান 'দ্য উইক' এ সারাহ'র মুক্তির বিষয়টিকে আহমাদিনজাদ 'চূড়ান্ত মানবিক বিবেচনা' বলে উল্লেখ করেন।
তিনি বলেন, "আর তাই আমি বিশ্বাস করি অবৈধভাবে আটকে রাখা ইরানি নাগরিকদের মানবিক বিবেচনায় মুক্তি দেওয়ার জন্য যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানানো অসংগত হবে না।"
আহমাদিনেজাদ আট ইরানি বন্দির কথা জানালেও তাদের নাম উল্লেখ করেননি।
ইরানি প্রেসিডেন্ট জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগ দিতে রোববার নিউ ইয়র্ক পৌঁছেছেন। বেশ কয়েকজন বিদেশি নেতার সঙ্গে জাতিসংঘ মহাসচিব বান কি মুনের বৈঠক হওয়ার কথা রয়েছে। তাদের মধ্যে আহমাদিনেজাদও একজন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিআর/১২৩০ঘ.
bdnews24