স্টকহোম, সেপ্টেম্বর ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- সুইডেনে রোববার অনুষ্ঠিত পার্লামেন্ট নির্বাচনে প্রধানমন্ত্রী ফ্রেড্রিক রেইনফেল্ড-এর নেতৃত্বাধীন ক্ষমতাসীন জোট বিজয়ী হয়েছে। তবে মধ্য ডানপন্থি এই জোট জয়ী হলেও একক সংখ্যাগরিষ্ঠতা অর্জনে ব্যর্থ হয়েছে।
৫ হাজার ৬ শ' ৬৮ টি নির্বাচনী জেলার সব কয়টির ভোট গণনার প্রাথমিক ফলাফলে দেখা গেছে, রেইনফেল্ডের মধ্য ডানপন্থি জোট পার্লামেন্টের ৩ শ' ৪৯ টি আসনের মধ্যে ১ শ' ৭২ টি আসনে জয় পেয়েছে।
অপরদিকে, মুসলিমবিরোধী দল 'দ্য অ্যান্টি-ইমিগ্রেশন সুইডেন অ্যাকাডেমি' ২০ টি এবং 'দ্য সোশ্যাল ডেমোক্র্যাট' দলের নেতৃত্বাধীন মধ্য বামপন্থী বিরোধী দলীয় জোট ১ শ' ৫৭টি আসন পেয়েছে।
নির্বাচনী প্রচারাভিযান চালানোর সময় রেইনফেল্ড কর কমানো ও সুইডেনকে একটি সম্পূর্ণ জনকল্যাণমূলক রাষ্ট্র হিসেবে গড়ে তোলার অঙ্গীকার করেন।
নির্বাচনে একক সংখ্যাগরিষ্ঠতা অর্জনে ব্যর্থ হওয়ার পর রেইনফেল্ড ঝুলন্ত সরকারের নেতৃত্ব দিতে প্রস্তুত আছেন বলে জানান।
সরকার গঠনের জন্য প্রথমেই বিরোধী দল গ্রিন পার্টির সমর্থন চাওয়ার বিষয়টি আবারো তিনি উল্লেখ করেন।
তবে সোশ্যাল ডেমোক্র্যাটদের সঙ্গে জোটের বিষয়টি উল্লেখ করে গ্রিন পার্টির কো-চেয়ারম্যান মারিয়া ওয়েটারস্ট্রান্ড বলেন, "বর্তমান পরিস্থিতিতে আমরা রেড-গ্রিন সহযোগিতা চালিয়ে যাব।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এএইচ/১১৫৪ঘ.
bdnews24