বার্লিন, সেপ্টেম্বর ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- পরমাণু কর্মসূচি বিরোধী লাখো জনতা শনিবার জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা ম্যার্কেলের কার্যালয় ঘেরাও করে।
পরমাণু বিদ্যুৎ কেন্দ্রের কার্যকাল বাড়ানো পরিকল্পনার প্রতিবাদে এ কর্মসূচি পালন করে তারা।
কর্মসূচি আহ্বানকারীরা বলেছেন, ১৯৮৬ সালে চেরোনোবিল পরমাণু দুর্ঘটনার পর এটাই এ ধরনের সবচেয়ে বড় বিক্ষোভ। যাতে অংশ নেয় প্রায় ১ লাখ মানুষ।
এ বিক্ষোভের মধ্য দিয়ে ম্যার্কেলের মধ্য-ডানপন্থী জোট সরকারের প্রতি তৃণমূল পর্যায়ে বিরোধিতা বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে। গত অক্টোবরে ক্ষমতা গ্রহণের পর থেকেই ক্ষমতাসীন জোটের জনপ্রিয়তা কমছে।
জার্মানির পরমাণু বিদ্যুৎ কেন্দ্রগুলোর কার্যকালের মেয়াদ গড়ে ১২ বছর করে বাড়ানোর বিষয়ে ম্যার্কেলের পরিকল্পনা বন্ধের দাবি জানান বিক্ষোভকারীরা।
'এখনই সরকারি পরিকল্পনা বাতিল কর' লেখা ব্যানার উঁচু করে বিক্ষোভকারীরা সরকারের বিরুদ্ধে স্লোগান দেয়। তাছাড়া ২০২১ সাল নাগাদ জার্মানির পরমাণু বিদ্যুৎ কেন্দ্রগুলো বন্ধ করে দেওয়ার পূর্ববর্তী সরকারের প্রতিশ্র"তিতে ফিরে যাওয়ার জন্য ম্যার্কেলের প্রতি আহ্বান জানান তারা।
শনিবারের এ বিক্ষোভ আহ্বানকারীদের অন্যতম নেতা ইওয়াখেন স্টে বলেন, "১৯৮৬ সালের পর পরমাণু কর্মসূচি বিরোধী কোনো একটি জায়গায় এতো মানুষের বিক্ষোভ আর হয়নি। আজ আমরা একটি বিষয় স্পষ্ট করতে পেরেছি যে, জার্মানির বেশিরভাগ মানুষই পরমাণু কর্মসূচির বিরুদ্ধে।"
বিক্ষোভের শুরুতে সেখানে ৪০ হাজারের কাছাকাছি বিক্ষোভকারী ছিল বলে পুলিশ জানায়। তবে পরে বিক্ষোভকারীদের সংখ্যা কত ছিল তা জানাতে অস্বীকৃতি জানায় তারা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এএইচ/এমআই/১৩৪০ ঘ.
bdnews24