কাবুল, সেপ্টেম্বর ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- আফগানিস্তানে শনিবার অনুষ্ঠিত পার্লামেন্ট নির্বাচনে এক হিন্দু নারী প্রার্থীকে ভোট দিয়েছেন প্রেসিডেন্ট হামিদ কারজাই। প্রেসিডেন্টের ঘনিষ্ঠ দুই কর্মকর্তা একথা জানিয়েছেন।
কাবুল থেকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী প্রায় ৬ শ' প্রার্থীর মধ্যে মাত্র দুইজন হিন্দু প্রার্থী ছিলেন। তাদের মধ্যে এক হিন্দু নারী প্রার্থীকে ভোট দেওয়ায় কারজাইয়ের সমর্থকদের মধ্যে কট্টর মুসলমানরা তার প্রতি অসন্তুষ্ট হতে পারেন বলে ধারণা করা হচ্ছে।
এছাড়া এক অসুমলিম নারীকে ভোট দেওয়ায় কারজাইয়ের প্রধান সমর্থকদের মধ্যেও তীব্র বিরুপ প্রতিক্রিয়া সৃষ্টি হতে পারে বলে ধারণা করা হচ্ছে। কেননা কারজাইয়ের সমর্থকদের মধ্যে একটা বড় অংশই রাজনীতিতে নারীদের অংশগ্রহণের বিরোধিতা করে আসছিলেন।
প্রেসিডেন্ট প্রাসাদের এক কর্মকর্তা বলেন, "তিনি আনার কলি হোনারিয়ারকে ভোট দিয়েছেন।"
কাবুলের এ হিন্দু নারী প্রার্থী নির্বাচনী প্রচারাভিযানের সময় মুসলিম সমর্থকদের প্রতি তার আস্থার কথা ব্যক্ত করেন।
সপ্তম শতাব্দীতে ইসলাম প্রচার শুরুর আগে দেশটিতে হিন্দু ও শিখদের বসতি ছিল। তখন দেশটির ব্যবসা-বাণিজ্যও নিয়ন্ত্রণ করতেন তারা।
গত কয়েক শতক ধরে সেখানে হিন্দুদের সংখ্যা কমতে থাকে এবং ১৯৯২ সালে গৃহযুদ্ধ ছড়িয়ে পড়লে হাজার হাজার হিন্দু আফগানিস্তান ছেড়ে পালিয়ে যান। বর্তমানে দেশটিতে মাত্র কয়েক হাজার হিন্দুর বসতি রয়েছে।
ওদিকে, পার্লামেন্টের নিন্মকক্ষের ২৪৯ আসনের ২৫ শতাংশ নারীদের জন্য সংরক্ষিত থাকলেও সেখানে রাজনীতিতে নারীর অংশগ্রহণ একেবারেই কম।
আফগানিস্তানের এবারের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী ৪ শ' ৬ নারী প্রার্থীকে ইতোমধ্যেই নানা হুমকি দেওয়াসহ ভয়ভীতি দেখানো হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এএইচ/১১৪৪ ঘ.
bdnews24