শ্রীনগর, সেপ্টেম্বর ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) -- কাশ্মীরে কারফিউ অমান্য করে শবযাত্রায় যাওয়ার সময় শনিবার পুলিশের গুলিতে একজন নিহত হয়েছে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ এ তথ্য জানিয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ভারত বিরোধী বিক্ষোভে নিহত এক বিক্ষোভকারীর মরদেহ নিয়ে শেষকৃত্যানুষ্ঠানে যোগ দিতে যাওয়ার সময় পুলিশ গুলি চালালে এ ঘটনা ঘটে।
পুলিশ কর্মকর্তারা বলছেন, শবযাত্রায় যাওয়ার সময় বিক্ষুব্ধ জনতা দক্ষিণ কাশ্মীরের ভারত-পন্থী এক রাজনীতিবীদের বাসায় হামলা চালানোর চেষ্টা করলে তারা গুলি করতে বাধ্য হয়।
তবে, প্রত্যক্ষদর্শী সাহিল ভাট পুলিশের বক্তব্যকে নাকচ করে দিয়ে বার্তা সংস্থা রয়টার্স-কে বলেছেন, ''বিনা উস্কানিতে পুলিশ জনসমাবেশে গুলি চালিয়েছে। আমরা শান্তিপূর্ণভাবে স্লোগান দিতে দিতে মরদেহ নিয়ে শেষকৃত্যানুষ্ঠানে যোগ দিতে যাচ্ছিলাম।"
কাশ্মীরে তিন মাস ধরে লাগাতার ভারত-বিরোধী বিক্ষোভে পুলিশের গুলিতে এ পর্যন্ত কমপক্ষে ১০০ মানুষ নিহত হয়েছে।
অন্যদিকে, শনিবার ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের গ্রীষ্মকালীন রাজধানী শ্রীনগরের কিছু এলাকায় কারফিউ শিথীল করে কর্তৃপক্ষ।
কাশ্মীরের স্বাধীনতাকামীদের চলমান ভারত-বিরোধী আন্দোলন ঠেকাতে বুধবার সরকার ও বিরোধী দলগুলোর মধ্যকার বৈঠক কোনো সমঝোতা ছাড়াই শেষ হয়। কাশ্মীরে রাজনীতিবিদদের একটি প্রতিনিধি দল পাঠানো ছাড়া ওই বৈঠকে আর কোনো সিদ্ধান্ত হয়নি।
কাশ্মীরে বিক্ষোভ সহিংসতায় একের পর এক মৃত্যুর ঘটনায় চাপের মুখে পড়েছেন ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং। সঠিকভাবে বিক্ষোভ সামাল দিতে সরকার ব্যর্থ হয়েছে বলেও সমালোচনা উঠেছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিবি/এএমটি/১৯৫৫ ঘ.
bdnews24