নিউ ইয়র্ক, সেপ্টেম্বর ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- অস্কারজয়ী অভিনেত্রী নিকোল কিডম্যান ব্রডওয়েতে অভিনয় করতে ফিরছেন আগামী বছর।
টেনিসি উইলিয়ামসের 'সুইট বার্ড অব ইয়ুথ' নাটকটি পুনরায় মঞ্চায়নের জন্য তিনি ফিরছেন বলে শুক্রবার নাটকটির প্রযোজনা মুখপাত্র জানিয়েছেন।
৪৩ বছর বয়সী নিকোল কিডম্যানের ব্রডওয়েতে ১৯৯৮ সালে অভিষেক ঘটে ডেভিড হ্যারির সম্পূর্ণ যৌনতানির্ভর নাটক 'দ্য ব্লু রুম'-এর মাধ্যমে। নাটকটিতে অনেক নগ্নদৃশ্য প্রদর্শিত হয়।
অস্ট্রেলিয়ায় বেড়ে ওঠা কিডম্যান ২০০২ সালে 'দ্য আওয়ারস' চলচ্চিত্রে প্রখ্যাত সাহিত্যিক ভার্জিনিয়া উলফের চরিত্র রূপায়নের মাধ্যমে অস্কার অর্জন করেন।
'সুইট বার্ড অব ইয়ুথ' নাটকটি ১৯৫৯ সালে প্রথম ব্রডওয়েতে মঞ্চায়িত হয়। এটি পুনরায় ডেভিড ক্রোমারের পরিচালনায় মঞ্চে আসার কথা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিআর/১২৫৫ঘ.
bdnews24