বেইজিং/সাংহাই, সেপ্টেম্বর ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- জাপানে আটক এক চীনা নাবিকের মুক্তির দাবিতে শনিবার বেইজিংয়ে জাপানি দূতাবাসের সামনে প্রায় শতাধিক চীনা নাগরিক বিক্ষোভ করেছে।
তবে কড়া নিরাপত্তা এবং বৃষ্টির কারণে বড় ধরনের জমায়েত ঘটাতে ব্যর্থ হয় তারা।
বিষয়টি নিয়ে এশিয়ার দুই পরাশক্তি চীন ও জাপানের মধ্যে উত্তেজনার সৃষ্টি হয়েছে।
বিক্ষোভকারী দলটি বেইজিংয়ে জাপানি দূতাবাসের সামনে অবস্থান নেয়। এদের বেশিরভাগের বয়সই ২০ এর নিচে।
এ সময় তারা ওই নাবিকের মুক্তির দাবিতে বিভিন্ন প্ল্যাকার্ড প্রদর্শন করে স্লোগান দেয়।
প্রায় এক সপ্তাহ আগে বিরোধপূর্ণ জলসীমায় জাপানি কোস্টগার্ড জাহাজের সঙ্গে সংঘর্ষ হলে ট্রলারের সবাইকে আটক করা হয়। পরবর্তী সময়ে ১৪ জনকে ছেড়ে দিলেও ক্যাপ্টেনকে ছাড়েনি জাপানি কর্তৃপক্ষ।
ক্যাপ্টেনের মুক্তির দাবিতে বিক্ষোভের সময় শত শত পুলিশ ও নিরাপত্তা বাহিনী তাদের ঘিরে রেখেছিল।
বিক্ষোভকারীরা, "আমাদের ক্যাপ্টেনকে ফিরিয়ে দাও, এক্ষুণি তাকে ছাড়তে হবে" বলে স্লোগান দেয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/সিআর/১১৩৪ঘ.
bdnews24