২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আফগানিস্তানে ভোটের আগে অপহরণ তাণ্ডব

আফগানিস্তানে শনিবার অনুষ্ঠেয় পার্লামেন্ট নির্বাচনের আগে অপহরণ তাণ্ডব শুরু করেছে তালেবানরা। এক নির্বাচনী প্রার্থীসহ অপহৃত হয়েছে ১৯ জন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Sep 2010, 12:26 PM

Updated : 25 Aug 2022, 06:39 PM

কাবুল , সেপ্টেম্বর ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)------আফগানিস্তানে শনিবার অনুষ্ঠেয় পার্লামেন্ট নির্বাচনের আগে অপহরণ তাণ্ডব শুরু করেছে তালেবানরা। এক নির্বাচনী প্রার্থীসহ অপহৃত হয়েছে ১৯ জন। নির্বাচনী কর্মকর্তারা শুক্রবার একথা জানিয়েছে। তালেবানরা নির্বাচন বানচালের হুমকি দেওয়ার পরপরই এ ঘটনা ঘটল। এ থেকে কড়া নিরাপত্তার মধ্যেও ভয়ঙ্কর পরিস্থিতিতে ভোট হওয়ারই আলামত পাওয়া যাচ্ছে। আফগানিস্তানের 'ইনডিপেনডেন্ট ইলেকশন কমিশন' (আইইসি) এর মুখপাত্র নূর মোহাম্মদ নূর বলেছেন, পূর্বাঞ্চলীয় লাঘমান প্রদেশে এক নির্বাচনী প্রার্থী অপহৃত হয়েছে। তবে পরিস্থিতি এখনো অস্পষ্ট। তিনি আরো জানান, উত্তর পশ্চিমাঞ্চলীয় বাগদিশ এলাকায় ৮ জন আইইসি কর্মকর্তাও অপহৃত হয়েছেন। তবে তারা এখন নিরাপদ। এছাড়া, ওই একই এলাকায় আরো ১০ নির্বাচনী প্র্রচারকর্মীকেও তালেবানরা অপহরণ করেছে বলে খবর এসেছে এবং কর্মকর্তারা এ খবর যাচাই করে দেখছেন বলে জানিয়েছেন নূর। নির্বাচনের আগে দেশজুড়ে কড়া নিরাপত্তা ব্যবস্থা গ্রহণের মধ্যেই অপহরণের এসব ঘটনা ঘটছে। আফগানিস্তানের রাজধানী কাবুলের রাস্তাঘাট নির্জন হয়ে পড়েছে। সহিংস হামলা ঠেকাতে শহরে নিরাপত্তা কর্মীরা গাড়ি চালকদের থামিয়ে তল্লাশি চালাচ্ছে। ৩১ বছর বয়স্ক আব্দুল কাহির নামের এক নির্মাণ কোম্পানির মালিককে রাস্তায় তল্লাশি করার পর নির্বাচন সম্পর্কে এক মন্তব্যে তিনি বলেন, "নির্বাচনে অংশ নিতে আমি প্রস্তুত। ভোট দেওয়াটা গুরুত্বপূর্ণ। ভোট দিয়ে ভালো লোকদেরকে আমাদের নির্বাচন করতে হবে। কোন যুদ্ধবাজকে নয়।" ২০০১ সালে আফগানিস্তানে তালেবানদের পতনের পর এটি দ্বিতীয় নির্বাচন। প্রায় ৩ লাখ আফগান সেনা ও পুলিশ এর কড়া নিরাপত্তার মধ্যে এ নির্বাচন অনুষ্ঠিত হবে। এছাড়া আরো ১ লাখ ৫০ হাজার বিদেশি সেনার সমর্থন রয়েছে তাদের পেছনে। তালেবানরা সহিংস হামলার হুমকি দেওয়ার পর গত বছরের প্রেসিডেন্ট নির্বাচনের মতো এবারও ভোটার উপস্থিতি কমতে পারে বলে মনে করা হচ্ছে। আফগানিস্তানের পার্লামেন্টের নিুকক্ষ 'ওলেসি জিরগা' র এ নির্বাচনে ২৪৯ টি আসনে ২৫০০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এক কোটি ১৪ লাখ ভোটার অংশ নেবে এ নির্বাচনে। আগামী ডিসেম্বরে আফগানিস্তানে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার রণ কৌশল পর্যালোচনার আগে আফগানিস্তানে স্থিতিশীলতার পরীক্ষা হিসাবে দেখা হচ্ছে এ নির্বাচনকে। গত বছর অনু্িষ্ঠত বিতর্কিত প্রেসিডেন্ট নির্বাচনে প্রেসিডেন্ট হামিদ কারজাই জয়ী হওয়ার পর মিত্রদের কাছে তার বিশ্বাসযোগ্যতা প্রমাণের বিষয়টিও এ নির্বাচনে গুরুত্বপূর্ণ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিবি/এলকিউ/১৮২৪ ঘ.