করাচি, সেপ্টেম্বর ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- ব্রিটেনে পাকিস্তানের অন্যতম বড় রাজনৈতিক দল 'মুত্তাহিদা কওমি মুভমেন্ট' (এমকিউএম) নেতা ইমরান ফারুক হত্যাকান্ডের পর শুক্রবার স্তব্ধ হয়ে গেছে করাচি।
ফারুক হত্যার প্রতিবাদে বন্ধ হয়ে গেছে দোকানপাট, স্কুল। বন্ধ রয়েছে গাড়ি চলাচলও। ফলে সব মিলিয়ে থমথমে পরিস্থিতি বিরাজ করছে করাচিতে।
ইমরান ফারুক ছিলেন এমকিউএম দলের অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য। পাকিস্তানের করাচিতে তিনি ছিলেন অত্যন্ত প্রভাবশালী। বৃহস্পতিবার তিনি খুন হন। তার এই হত্যাকান্ড রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত কিনা তা পরিস্কার জানা যায়নি।
ফারুক দু'বছর রাজনীতিতে সক্রিয়ভাবে জড়িত ছিলেন না। খুনসহ নানা ধরনের অপরাধের অভিযোগে ৭ বছর ধরে পুলিশের হাত থেকে পালিয়ে বেড়ানোর পর ১১ বছর আগে তিনি লন্ডনে আশ্রয় নেন। তার বিরুদ্ধে আনা সব অভিযোগই অস্বীকার করেছিলেন ফারুক।
প্রভাবশালী এমকিউএম নেতা না হলেও তার মৃত্যুতে করাচিতে বড় ধরনের জাতিগত ও রাজনৈতিক সহিংসতা ছড়িয়ে পড়ার আশঙ্কা আছে।
বৃহস্পতিবার এই নেতার মৃত্যুর পর রাতেই করাচিতে বিক্ষোভ হয়েছে। এমকিউএম কর্মীরা এ সময় গাড়ি জ্বালিয়ে দেয় বলে জানিয়েছে পুলিশ। এর পর থেকেই করাচিতে গাড়ি চলাচল বন্ধ রাখা হয়েছে।
এর আগে গত মাসে করাচিতে আরেক এমকিউএম নেতা রাজা হায়দারের হত্যাকান্ডের জেরে শহর জুড়ে বিক্ষোভ ছড়িয়ে পড়েছিল। সে সময় অন্ততপক্ষে ১০০ মানুষ নিহত হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিআর/এলকিউ/১৫৩৫ ঘ.
bdnews24