ওয়াশিংটন. সেপ্টেম্বর ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)-আগামী সপ্তাহে নিউ ইয়র্কে অনুষ্ঠেয় জাতিসংঘের সাধারণ পরিষদের সম্মেলনে ২০১৫ সাল নাগাদ বিশ্বে দারিদ্র দূরীকরণের জাতিসংঘ লক্ষ্যমাত্রা অর্জনের প্রতিশ্র"তিতে অটল থাকায় একাট্টা বিশ্ব নেতারা।
১০ বছর আগে বিশ্বের ১৫০ দেশের নেতারা 'জাতিসংঘ মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোলস'এ সই করেন। তাদেরই উত্তরসূরিরা এবার ২০-২২ সেপ্টেম্বর অনুষ্ঠেয় সম্মেলনে ওই সমস্ত লক্ষ্যমাত্রা নিয়ে উপস্থিত হবেন। ২০১৫ সাল নাগাদ উল্লেখযোগ্য হারে বিশ্ব দারিদ্র্য দূরীকরণই ছিল মিলেনিয়াম গোলসের অন্যতম লক্ষ্য।
বিশ্ব ব্যাংকের নতুন এক সমীক্ষায় দেখা গেছে, ২০১৫ সাল নাগাদ বিশ্বে দরিদ্রের সংখ্যা অর্ধেকে নামিয়ে আনার অন্যতম এ লক্ষ্যমাত্রা পূরণ করা সম্ভব।
চীন ও ভারতে সম্পদ বৃদ্ধি থেকে এক্ষেত্রে বেশির ভাগ অগ্রগতির আভাস পাওয়া যাচ্ছে। তবে আফ্রিকায় এ সমৃদ্ধির ছোঁয়া লেগেছে খুব সামান্যই। সেখানে ২০১৫ সালেও ৩৮ শতাংশ মানুষ দারিদ্র্য সীমার নিচে বসবাস করবে।
প্রতিবেদনে বলা হয়েছে, ক্ষুধার্ত ও অপুষ্টিতে ভোগা মানুষের সংখ্যা কমাতে, লিঙ্গ বৈষম্য দূরীকরণে, মানুষের শিক্ষা ও স্বাস্থ্য সেবার সুযোগ পাওয়ার ক্ষেত্রে, বিশ্ব জলবায়ু পরিবর্তন মোকাবেলায় এবং মা ও নবজাতককে সহায়তা করার লক্ষ্যমাত্রা অর্জনে অনেক পিছিয়ে রয়েছে বিশ্ব।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচ/এলকিউ/২৩০৯ ঘ.
bdnews24