কাঠমাণ্ডু , সেপ্টেম্বর ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- নেপালের রাজাকে হিটলারের উপহার দেওয়া একটি গাড়ি সংস্কার করে রাজপ্রাসাদের জাদুঘর সংলগ্ন এলাকা দর্শনার্থীদের ঘুরে দেখানোর জন্য আবার চালু করবে কর্তৃপক্ষ।
নেপালের এক সরকারি কর্মকর্তা বৃহস্পতিবার একথা জানিয়েছেন।
'দ্য ১৯৩৯ মার্সিডিজ বেঞ্জ' গাড়িটি নাৎসি নেতা এডলফ হিটলার নেপালের সাবেক রাজা ত্রিভুবনকে উপহার দেন। দুই বছর আগে ক্ষমতাচ্যুত নেপালের সর্বশেষ রাজা জ্ঞানেন্দ্রর পিতামহ ছিলেন রাজা ত্রিভুবন।
একটি ইঞ্জিনিয়ারিং কলেজে শিক্ষার কাজে ব্যবহৃত হওয়ার পর গত পাঁচ বছর ধরে গাড়িটি একটি গ্যারেজে পরিত্যক্ত অবস্থায় ছিল।
কর্তৃপক্ষ জানিয়েছে, গাড়িটির দরজা, আসন এবং ইঞ্জিনের ঢাকনা নষ্ট হয়ে গেছে।
সংস্কৃতি মন্ত্রণালয়ের কর্মকর্তা মদ রাজ দোতেল বলেছেন, সাবেক রাজা ত্রিভুবনের ব্যবহৃত ঐ গাড়ি এবং একটি রথ সংস্কারের জন্য সরকারের কাছে ৫ লাখ ৩৭ হাজার মার্কিন ডলার সমমূল্যের অর্থ চাওয়া হয়েছে।
এমন এক সময়ে গাড়িটি নেপালের রাজধানী কাঠমান্ডুতে নেওয়া হয়েছিল যখন সেখানে মোটরচালিত যান ছিলো না বললেই চলে। তাই দেশের অন্য যে কোনো প্রান্ত থেকে তখন এ পাহাড়ী রাজধানীতে পায়ে হেটে পৌঁছতে কয়েক দিন লেগে যেতো।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিবি/এএইচ/এলকিউ/২০২৯ ঘ.
bdnews24