আটলান্টা, সেপ্টেম্বর ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- মহাশূন্যে যাত্রী পরিবহনের লক্ষ্যে একটি আকাশযান তৈরির পরিকল্পনা করছে বোয়িং কোম্পানি। তাদের পরিকল্পনা অনুযায়ী যাত্রী পরিবহনকারী আকাশযানটি কক্ষপথে পরিভ্রমণে সক্ষম হবে।
বুধবার উড়োজাহাজ প্রস্তুতকারী এ প্রতিষ্ঠানটি জানায়, ন্যাশনাল অ্যারোনটিক্স অ্যান্ড স্পেস অ্যাডমিনিস্ট্রেশনের (নাসা) জন্য তৈরি করা বোয়িংয়ের সিএসটি-১০০ আকাশযানের টিকেট যাত্রীদের কাছে বিক্রি করার জন্য এরই মধ্যে ভার্জিনিয়া ভিত্তিক স্পেস অ্যাডভেঞ্চার্সের সঙ্গে একটি চুক্তি করেছে।
সাতজন অভিযাত্রী বহনে সক্ষম এ মহাকাশ ফ্লাইট যথাসম্ভব ২০১৫ সাল থেকে চালু হবে বলে জানিয়েছে বোয়িং।
যুক্তরাষ্ট্রের মহাকাশ অভিযাত্রীদের জন্য খাবার ও অন্যান্য সামগ্রী বহনকারী বর্তমান স্পেস শাটল প্রকল্পটি আগামী বছর বন্ধ হয়ে যাচ্ছে।
বিকল্প কোনো আকাশযানের ব্যবস্থা হওয়ার আগ পর্যন্ত যুক্তরাষ্ট্র তার ক্রুদের আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে পাঠানোর জন্য রাশিয়ার ওপর নির্ভরশীল।
সেখানে ক্রু পাঠাতে প্রতি আসনের জন্য রাশিয়াকে ৫ কোটি ১০ লাখ মার্কিন ডলার গুণতে হয় নাসার। ২০১৩ সালের মধ্যে তা ৫ কোটি ৬০ লাখ মার্কিন ডলারে পৌঁছবে বলে ধারণা করা হচ্ছে।
ইতিমধ্যেই বিশ্বের বেশ কয়েকজন ধনকুবের টিকেট কেটে মহাকাশে বেরিয়ে এসেছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কিউএইচ/সিআর/১৪৫৭ঘ.
bdnews24