লন্ডন, সেপ্টেম্বর ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ব্রিটেনকে একটি 'তৃতীয় বিশ্বের দেশ' বলে অভিহিত করেছেন পোপের এক শীর্ষ উপদেষ্টা।
জার্মানির সাপ্তাহিক পত্রিকা 'ফোকাস'কে দেওয়া এক সাক্ষাৎকারে ৭৭ বছর বয়সী কার্ডিনাল ওয়াল্টার ক্যাস্পার নামের ঐ পোপ উপদেষ্টা এ মন্তব্য করেছেন।
তার এ মন্তব্য সম্পর্কে ভ্যাটিকান বলেছে, কার্ডিনাল ব্রিটেনকে অবজ্ঞা করার উদ্দেশ্যে কিছু বলেননি। তিনি ব্রিটেনের সাংস্কৃতিক বৈচিত্র্যকে বোঝাতে চেয়েছেন।
শারীরিক অসুস্থতার কারণে তিনি পোপের ব্রিটেন সফর থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন বলেও জানায় ভ্যাটিকান।
পোপ ষোড়শ বেনেডিক্ট বৃহস্পতিবার থেকে চার দিন স্কটল্যান্ড ও ইংল্যান্ড সফর করবেন।
জার্মান বংশোদ্ভূত কার্ডিনাল ক্যাস্পারের উদ্ধৃতি উল্লেখ করে ফোকাস বলেছে, "হিথ্রো বিমান বন্দরে নামলে আপনার মনে হবে, আপনি তৃতীয় বিশ্বের কোন দেশে অবতরণ করেছেন।"
তিনি ব্রিটিশ এয়ারওয়েজেরও সমালোচনা করেছেন বলে ফোকাসের প্রতিবেদনে বলা হয়েছে।
সূত্র: বিবিসি
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এএইচ/০০৩৫ ঘ.
bdnews24