২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

যুক্তরাষ্ট্রে সিনেট প্রাইমারীতে 'টি পার্টি'র জয়জয়কার

যুক্তরাষ্ট্রে নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনের আগে রিবাপলিকান সিনেট প্রাইমারীতে টি পার্টির জয়জয়কার ঘটছে। মূলধারার রিপাবলিকানদের পেছনে ফেলে জয়লাভ করছে টি পার্টি-সমর্থিত প্রার্থীরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Sep 2010, 03:44 PM

Updated : 25 Aug 2022, 06:38 PM

ওয়াশিংটন, সেপ্টেম্বর ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- যুক্তরাষ্ট্রে নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনের আগে রিবাপলিকান সিনেট প্রাইমারীতে টি পার্টির জয়জয়কার ঘটছে। মূলধারার রিপাবলিকানদের পেছনে ফেলে জয়লাভ করছে টি পার্টি-সমর্থিত প্রার্থীরা। এতে করে সংশয়ের মুখে পড়েছে নভেম্বরের নির্বাচনে রিপাবলিকানদের পুনরায় সিনেট আসন জয়ের সম্ভাবনা। মঙ্গলবার টি পার্টির সবচেয়ে বড় জয়টি এসেছে 'দেলাওয়ার' অঙ্গরাজ্যের প্রাইমারীতে। সেখানে প্রবীণ কংগ্রেস সদস্য মাইক ক্যাসলেকে হটিয়ে জয়লাভ করেছেন টি-পার্টি সমর্থিত প্রার্থী ক্রিশ্চিন ও ডনেল। ডনেলকে সমর্থন দিয়েছেন সারাহ পেলিন (২০০৮ সালের রিপাবলিকান ভাইস প্রেসিডেন্ট পদপ্রার্থী)। টি পার্টি কর্মীদের মধ্যে তার সমর্থন আছে। অন্যদিকে, পরাজিত প্রার্থী ক্যাসেল ছিলেন দীর্ঘ মেয়াদে জনপ্রিয় সাবেক গভর্নর এবং কংগ্রেসে অন্যতম মধ্যপন্থী রিপাবলিকান সদস্য। ২ নভেম্বর দেলাওয়ারের নির্বাচনে ক্যাসেলই জয়ী হবেন বলে ধারণা করা হচ্ছিল। কিন্তু এখন তার পরাজয়ে ডেমোক্র্যাটরা সিনেট নির্বাচনে জয়ের সুযোগ লাভে আশার আলো দেখছে। নিউ হ্যাম্পশায়ারেও টি পার্টি প্রার্থী জয়ী হবে বলে মনে করা হচ্ছে। সেখানে ভোট গণনা এখনও শেষ হয়নি। ওদিকে, নিউ ইয়র্কের গভর্নর পদে দাঁড়ানোর প্রতিদ্বন্দ্বিতার দৌড়ে ইতোমধ্যেই জয় লাভ করেছে টি পার্টি প্রার্থী। এর আগে নেভাডা, কোলোরাডো, ফ্লোরিডা, কেন্টাকি এবং আলাস্কার সিনেট মনোনয়নেও টি পার্টি-সমর্থিত প্রার্থীরা জয়ী হয়েছে। যে সমস্ত ভোটাররা রিপাবলিকান কিংবা ডেমোক্র্যাট কোনো দলের পক্ষে নন তারাই জোর সমর্থন দিচ্ছে টি পার্টি সমর্থিত প্রার্থীদেরকে। তৃণমূল পর্যায়ের টি পার্টি আন্দোলন কেবল গত বছরই যুক্তরাষ্ট্রের রাজনীতিতে একটি শক্তি হিসাবে আবির্ভূত হয়েছে। তবে পর্যবেক্ষকরা বলছেন, এ পার্টি ইতোমধ্যেই নভেম্বরের নির্বাচনে রিপাবলিকান দলের প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে যথেষ্ট প্রভাবশালী হয়ে উঠেছে এবং রিপাবলিকানদের জন্য বড় ধরনের চ্যালেঞ্জও হয়ে উঠছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এলকিউ/২১৩০ ঘ.