২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কাশ্মীরে বিক্ষোভ-সংঘর্ষে নিহত ৩

ভারত-শাসিত কাশ্মীরে সহিংসতা চলছেই। বুধবার পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষে ৩ জন নিহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Sep 2010, 12:03 PM

Updated : 25 Aug 2022, 06:38 PM

শ্রীনগর, কাশ্মীর, সেপ্টেম্বর ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- ভারত-শাসিত কাশ্মীরে সহিংসতা চলছেই। বুধবার পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষে ৩ জন নিহত হয়েছে। সহিংসতা অবসানের চেষ্টায় নয়াদিল্লিতে সরকার ও বিরোধীদলগুলোর বৈঠকের মধ্যেও উত্তপ্ত কাশ্মীর পরিস্থিতি। সোমবার কাশ্মীরে দুই দশকের মধ্যে সবচেয়ে মারাত্মক সহিংসতায় পুলিশসহ প্রায় ১৮ জন নিহত হওয়ার দু দিন পর আবার সংঘর্ষে নিহতের ঘটনা ঘটল। সর্বশেষ সহিংসতায় শ্রীনগরের প্রায় ১২০ কিলোমিটার দক্ষিণে পুঞ্চ এর মেন্ধার এলাকায় অন্ততপক্ষে ১০ জন আহত হয়েছে। এক পুলিশ কর্মকর্তা জানিয়েছেন, বারবার বিক্ষুব্ধ জনতাকে ছত্রভঙ্গ করার চেষ্টা করেও ব্যর্থ হওয়ায় আমাদেরকে গুলি চালাতে হয়েছে। বিক্ষোভকারীরা কাছেই একটি খ্রিস্টান মিশনারী স্কুলে চড়াও হওয়ার চেষ্টা করছিল। এর আগের খবরে কাশ্মীরের গ্রীষ্মকালীন রাজধানী শ্রীনগরের কাছের শহর বারামুল্লাহ ও জৈনকোটে মঙ্গলবারের সংঘর্ষে পাঁচ বিক্ষোভকারী ও এক পুলিশ আহত হওয়ার কথা জানানো হয়। শ্রীনগরের রাস্তায় ভারী অস্ত্রশস্ত্রে সজ্জিত পুলিশ পাহারা দিচ্ছে এবং সেখানকার অভিবাসীদের বাড়িতে অবস্থান করার জন্য পুলিশের গাড়ি থেকে লাউড স্পিকারে নির্দেশ দেওয়া হচ্ছে। এছাড়া গত ১১ বছরের মধ্যে প্রথমবারের মতো নিরাপত্তাজনিত কারণে ওই শহরের সব বিমান চলাচল বাতিল করা হয়েছে। ভারত বিরোধী ও কোরান অবমাননার প্রতিবাদে বিচ্ছিন্নতাবাদীরা এ বিক্ষোভ করছে। বিক্ষোভ-সহিংসতা ও নিহতের সংখ্যা বাড়তে থাকায় তা নিয়ন্ত্রণে ভারত সরকারের ওপর চাপ বাড়ছে। গত তিনমাস ধরে কাশ্মীরে ভারতীয় শাসনের বিরুদ্ধে ব্যাপক বিক্ষোভ চলছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে কমপক্ষে ৮৭ জন বিক্ষোভকারী পুলিশের গুলিতে নিহত হয়েছে। এ পরিস্থিতিতে কোরান অবমাননা ইস্যু সরকারবিরোধী আন্দোলন আরো উস্কে দিচ্ছে বলে মনে করা হচ্ছে। অশান্ত কাশ্মীর পরিস্থিতি নিয়ে দিল্লিতে কাশ্মীরের সব রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে বৈঠক শুরু করেছেন প্রধানমন্ত্রী মনমোহন সিং। এ বৈঠক থেকে পরিস্থিতি স্বাভাবিক করার ব্যাপারে সামাধান বেরিয়ে আসবে বলে আশা করা হচ্ছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/সিআর/০৯৪৭ঘ.