২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কাশ্মীরে সহিংসতা চলছেই

ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে সহিংসতা চলছেই। মঙ্গলবারও পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের ব্যাপক সংঘর্ষ হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Sep 2010, 04:37 AM

Updated : 25 Aug 2022, 06:38 PM

শ্রীনগর, কাশ্মীর, সেপ্টেম্বর ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে সহিংসতা চলছেই। মঙ্গলবারও পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের ব্যাপক সংঘর্ষ হয়েছে। একদিন আগেই সোমবার কাশ্মীরে দুই দশকের মধ্যে সবচেয়ে বাজে সহিংসতার ঘটনা ঘটেছে। এতে পুলিশসহ প্রায় ১৮ জন নিহত হয়েছে। পুলিশের গুলিতে অধিকাংশ হতাহতের ঘটনা ঘটে। গত দুইদিনের এই সহিংসতায় আহত হয়েছে প্রায় শতাধিক। কাশ্মীরের গ্রীষ্মকালীন রাজধানী শ্রীনগরের কাছের শহর বারামুল্লাহ ও জৈনকোটে মঙ্গলবারের সংঘর্ষে পাঁচ বিক্ষোভকারী ও এক পুলিশ আহত হয়েছে। তবে কাশ্মীরের অন্যান্য এলাকা তুলনামূলক শান্তই ছিল। শ্রীনগরের রাস্তায় ভারী অস্ত্রশস্ত্রে সজ্জ্বিত পুলিশ পাহারা দিচ্ছে এবং সেখানকার অভিবাসীদের বাড়িতে অবস্থান করার জন্য পুলিশের গাড়ি থেকে লাউড স্পিকারে নির্দেশ দেওয়া হচ্ছে। এছাড়া গত ১১ বছরের মধ্যে প্রথমবারের মতো নিরাপত্তাজনিত কারণে ওই শহরের সব বিমান চলাচল বাতিল করা হয়েছে। ভারত বিরোধী ও কোরান অবমাননার প্রতিবাদে বিচ্ছিন্নতাবাদীরা এ বিক্ষোভ করছে। বিক্ষোভ বেড়ে যাওয়ায় তা নিয়ন্ত্রণে ভারত সরকারের ওপর চাপ বাড়ছে। গত তিনমাস ধরে কাশ্মীরে ভারতীয় শাসনের বিরুদ্ধে ব্যাপক বিক্ষোভ চলছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে কমপক্ষে ৮৭ জন বিক্ষোভকারী পুলিশের গুলিতে নিহত হয়েছে। এ পরিস্থিতিতে কোরান অবমাননা ইস্যু সরকারবিরোধী আন্দোলন আরো উস্কে দিয়ে থাকতে পারে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/সিআর/০৯৪৭ঘ.