ব্রাসেলস, সেপ্টেম্বর ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- রোমা অভিবাসীদের দেশ থেকে বিতাড়নের সরকারি সিদ্ধান্তের সমালোচনা করে মঙ্গলবার ফ্রান্সের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়ার হুমকি দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)।
ইইউ'র জাস্টিস কমিশনার ভিভিয়েন রেডিং ফরাসি সরকারের সমালোচনা করে বলেন, রোমাদের প্রতি ফ্রান্সের আচরণ ন্যাক্কারজনক। তা মেনে নেওয়া যায় না।
এ বছর প্রায় ৮ হাজার রোমা অভিবাসীকে রোমানিয়া ও বুলগেরিয়ায় পাঠিয়ে দিয়ে প্যারিস মানুষের অবাধ চলাফেরার ইইউ অধিকার আইন লঙ্ঘন করেছে বলে অভিযোগ করেন তিনি।
ওদিকে, ভিভিয়েনের এ বক্তব্যকে 'বিস্ময়কর' বলে মঙ্গলবার পাল্টা প্রতিক্রিয়া জানিয়েছে ফ্রান্স কর্তৃপক্ষ।
ফ্রান্সের প্রেসিডেন্ট নিকোলাস সারকোজি এ বছর জুলাইয়ের শেষদিকে রোমা ক্যাম্পগুলোর বিরুদ্ধে পতিতাবৃত্তি ও শিশু হয়রানির মতো অপরাধের সঙ্গে জড়িত থাকার অভিযোগ তোলার পর তাদের বিতাড়নে কঠোর সরকারি পদক্ষেপের বিরুদ্ধে সোচ্চার হয় বিশ্ব জনমত।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচ/এলকিউ/২২০৬ ঘ.
bdnews24