২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

২০১০ সালে বিশ্বে ক্ষুধার্তের সংখ্যা কমছে: জাতিসংঘ

গত ১৫ বছরের মধ্যে এবারই প্রথম বিশ্বে ক্ষুধার্ত মানুষের সংখ্যা কমছে। অর্থনৈতিক অবস্থার উন্নতি এবং খাদ্যমূল্য কমাই এর কারণ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Sep 2010, 03:23 PM

Updated : 25 Aug 2022, 06:38 PM

রোম, সেপ্টেম্বর ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)---গত ১৫ বছরের মধ্যে এবারই প্রথম বিশ্বে ক্ষুধার্ত মানুষের সংখ্যা কমছে। অর্থনৈতিক অবস্থার উন্নতি এবং খাদ্যমূল্য কমাই এর কারণ। জাতিসংঘের 'ফুড অ্যান্ড এগ্রিকালচারাল অরগানাইজেশন' (এফএও) মঙ্গলবার একথা জানিয়েছে। এফএও'র এক প্রতিবেদনে বলা হয়েছে, ২০১০ সালে অপুষ্টিতে ভোগা মানুষের সংখ্যা ৯২ কোটি ৫০ লাখ-- যা আগের বছরের ১০২ কোটির চেয়ে অনেক কম। গত চার দশকের মধ্যে গত বছরই সর্বোচ্চ সংখ্যক মানুষ পুষ্টিহীনতার শিকার হয়েছে। পাকিস্তানে স্মরণকালের সবচেয়ে ভয়াবহ বন্যা ও রাশিয়ার তীব্র খরার কারণে ফসল নষ্ট হওয়ায় এ বছর বিশ্ব খাদ্যাভাবের মুখে পড়তে পারে বলে বিশ্ব স্বাস্থ্য সংস্থার সতর্কবাণীকে ভুল প্রমাণিত করে ক্ষুধার্ত মানুষের কমার এ হিসাব দিয়েছে এফএও। কিন্তু এফএও এর পুষ্টিহীন মানুষের সংখ্যা কমার এ প্রতিবেদন সত্ত্বেও এ মাসে খাবারের জন্য মোজাম্বিকে দাঙ্গা, মিশরে বিদ্রোহ এবং রাশিয়ার খরার কারণে খাদ্রপণ্যের মূল্যবৃদ্ধি এবং বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের ফলে ক্ষুধা ও খাদ্য নিরাপত্তার বিষয়টি বৈশ্বিক আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে এসেছে। এফএও'র প্রতিবেদনে বলা হয়েছে, বিশ্বের নিরন্ন মানুষের সংখ্যা উন্নয়নশীল দেশগুলোতে সবচেয়ে বেশি। ২০১০ সালে সে সব দেশে ক্ষুধার্ত মানুষের সংখ্যা ১৬ শতাংশ বলেও জানিয়েছে এফএও। ২০০৯ সালে এ হার ছিল ১৮ শতাংশ। এতে আরো বলা হয়েছে, বিশ্বে এক দশকেরও বেশি সময় ধরে ক্ষুধার্ত মানুষের সংখ্যা বাড়ছে। ২০০৯ সালে তা রেকর্ড পর্যায়ে পৌঁছায় অর্থনৈতিক সঙ্কট এবং উন্নয়নশীল দেশগুলোতে খাদ্যমূল্য বৃদ্ধির কারণে। কিন্তু এ বছর অর্থনৈতিক অবস্থার কিছুটা উন্নতি এবং খাদ্যমূল্য কমে আসতে থাকায় খাদ্য নিরাপত্তা বেড়েছে। তবে এফএও সতর্ক করে দিয়ে এও বলেছে যে, পরিস্থিতি উন্নতির দিকে হলেও উন্নয়নশীল দেশগুলোতে পুষ্টিহীন মানুষের সংখ্যা ১৯৯০-৯২ সাল থেকে ২০১৫ সাল নাগাদ ২০ শতাংশ থেকে ১০ শতাংশ, অর্থাৎ, অর্ধেকে নামিয়ে আনার জাতিসংঘের লক্ষ্যমাত্রা পূরণ হচ্ছে না। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচ/এলকিউ/২১০৭ ঘ.