ক্যানবেরা, সেপ্টেম্বর ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)---- অস্ট্রেলিয়ার প্রথম নারী প্রধানমন্ত্রী জুলিয়া গিলার্ড মঙ্গলবার দ্বিতীয় মেয়াদে এ পদে শপথ নিয়েছেন।
শপথ নেওয়ার সময় গিলার্ড বলেন, " আমি জুলিয়া গিলার্ড ঐকান্তিকভাবে কমনওয়েলথ অব অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণের ঘোষণা দিচ্ছি এবং আন্তরিকভাবে এ দায়িত্ব পালনের অঙ্গীকার করছি।"
গত ২১ অগাস্ট অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত সাধারণ নির্বাচনে কোনো দলই সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় লেবার পার্টির নেতা গিলার্ড গ্রিন পার্টির এক এমপি এবং তিন স্বতন্ত্র এমপির সমর্থন নিয়ে ঝুলন্ত সরকার গঠন করেছেন।
অস্ট্রেলিয়ার সাবেক প্রধানমন্ত্রী কেভিন রাড পররাষ্ট্রমন্ত্রী হিসাবে শপথ নিয়েছেন। বিবিসি'র প্রতিবেদনে একথা জানানো হয়েছে।
গিলার্ড গত শনিবার নতুন মন্ত্রিসভা ঘোষণা করেন। নতুন মন্ত্রিসভায় রাজস্বমন্ত্রী হয়েছেন ওয়েনি সওয়ান এবং অর্থমন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন সাবেক জলবায়ূ মন্ত্রী পেনি ওং।
গিলার্ড প্রধান সম্পদ ও জ্বালানি মন্ত্রী হিসেবে মনোনীত করেছেন মার্টিন ফার্গুসনকে।
উল্লেখ্য, লোহা ও কয়লা খনির মুনাফায় ৩০ ভাগ কর আরোপ করার পরিকল্পনা রয়েছে বর্তমান সরকারের। আগামী বছরের শুরুতে এ কর বিল পার্লামেন্টে উত্থাপনের কথা রয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এলকিউ/১৭২৬ ঘ.
bdnews24