কারাকাস, সেপ্টেম্বর ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ভেনেজুয়েলার রাষ্ট্রায়ত্ত্ব এয়ারলাইনস 'কনভিয়াসা'র অভ্যন্তরীণ রুটের একটি বিমান সোমবার দেশটির দক্ষিণাঞ্চলে বিধ্বস্ত হয়ে অন্তত ১৩ নিহত হয়েছে।
বিমানটিতে ৪৭ জন আরোহী ছিল।
উদ্ধার কাজে নিয়োজিত দমকল বাহিনীর প্রধান হোসে ডোনালডে রয়টার্সকে নিশ্চিত করেছেন যে, বিধ্বস্ত বিমান থেকে ১৩ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে।
পরিবহন মন্ত্রী ফ্রান্সিসকো গারসেস রাষ্ট্রীয় টেলিভিশনে বলেছেন, "বিমানটিতে ৪৭ জন আরোহী ছিল। এর মধ্যে ৪৩ জন যাত্রী ও ৪ জন ক্রু।"
গারসেস জানান, বিমানটি শিল্পনগরী কিউদাদ গায়ানা থেকে ক্যারিবীয় দ্বীপ মারগারিটার দিকে যাচ্ছিল।
জরুরি সেবার প্রধান লুইস দিয়াজ রয়টার্সকে বলেন, কিউদাদ গায়েনার কাছাকাছি বিমানটি সিডরের সীমানায় গিয়ে পড়ে যেখানে একটি বড় কারখানা ও জমি আছে।
তিনি এর বেশি কিছু জানাতে পারেননি।
এর আগে ভেনেজুয়েলায় বড় ধরনের বিমান দুর্ঘটনা হয়েছিল ২০০৮ সালে। এতে ৪৬ জন যাত্রী প্রাণ হারায়। সে সময় স্থানীয় বেসরকারি এয়ারলাইন সান্তা বারবারা'র একটি বিমান পর্বতে বিধ্বস্ত হরেয়ছিল।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এলকিউ/০০৪০ ঘ.
bdnews24