২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

তুরস্কে সংবিধান সংশোধনের পক্ষে রায়

ক্ষমতাসীন একে পার্টি সমর্থিত সংবিধান সংস্কারের পক্ষে রায় দিয়েছে তুরস্কের জনগণ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Sep 2010, 08:46 AM

Updated : 25 Aug 2022, 06:37 PM

ইস্তাম্বুল, সেপ্টেম্বর ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- ক্ষমতাসীন একে পার্টি সমর্থিত সংবিধান সংস্কারের পক্ষে রায় দিয়েছে তুরস্কের জনগণ। তবে আনুষ্ঠানিক ভাবে সোমবার গণভোটের ফলাফল ঘোষণা করা হবে। তুরস্কের 'হাই ইলেকশন বোর্ড' এই ফলাফল ঘোষণা করবে। অবশ্য ইতোমধ্যে টেলিভিশন চ্যানেলের সংবাদ প্রতিবেদনে দেখা গেছে, শতকরা ৫৮ ভাগ 'হ্যাঁ' ভোট পেয়ে সংবিধান পরিবর্তন বিষয়ক গণভোটে বিজয়ী হয়েছে সরকার। অপর দিকে বিপক্ষে 'না' ভোট পড়েছে ৪২ শতাংশ। 'র‌্যাডিকাল ডেইলি' নামের একটি সংবাদপত্রের শিরোনামে বলা হয়েছে, "'হ্যাঁ' জয়যুক্ত হয়েছে, তবে এটাই যথেষ্ট নয়।" এতে আরো বলা হয়, এ বিজয়ের ফলে পরিবর্তন ও নতুন সংবিধানের প্রতি জনগণের প্রত্যাশা প্রতিফলিত হয়েছে। তবে গণভোটে ক্ষমতাসীনদের এই বিজয় তাদের একক দল হিসেবে তৃতীয়বারের মতো তুরস্কের রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার সম্ভাবনা তৈরি করেছে। আগামী ১০ মাসের মধ্যে তুরস্কে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এই গণভোট মূলত দুটি উদ্দেশ্যকে সামনে রেখে আয়োজন করা হয়। দেশের বিচার বিভাগে পরিবর্তন ও সশস্ত্র বাহিনীর ক্ষমতা সীমিতকরণ। ১৯৮০ সালের তুরস্কের সেনা অভ্যুত্থানের ৩০তম বার্ষিকীর দিন এ গণভোট অনুষ্ঠিত হয়। আর এ দিনটিতেই সামরিক শাসকদের লিখিত সংবিধান পরিবর্তনে জনগণের সমর্থন পেলেন প্রধানমন্ত্রী রেসেপ তায়েপ এরদোয়ান। তুরস্কের সরকার পন্থি সংবাদপত্র 'সাবাহ ডেইলি'র শিরোনামে বলা হয়েছে, "অভ্যুত্থানের লজ্জ্বা ধুয়ে ফেলছে তুরস্ক।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/সিআর/১৪৩২ঘ.