বাসেল, সুইজারর্যান্ড, সেপ্টেম্বর ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- অর্থনৈতিক বিপর্যয় ঠেকাতে সুইজারল্যান্ডের বাসেলে ২৭ টি দেশের কেন্দ্রীয় ব্যাংকের গভার্ণর ও প্রধান তত্ত্বাবধায়করা রোববার ব্যাংকগুলোকে আরো মূলধন মজুদ বাড়ানোয় বাধ্য করতে 'বাসেল ৩' পরিকল্পনায় একমত হয়েছেন।
এ প্রক্রিয়ার সঙ্গে সম্পৃক্ত এক সূত্র একথা জানিয়েছেন।
তিনি বলেছেন, "এখানে একটি চুক্তি হয়েছে।" তবে তিনি এ ব্যাপারে বিস্তারিত কিছু বলেননি।
বৈঠকের সভাপতিত্ত্ব করেছেন ইউরোপিয়ান সেন্টাল ব্যাংকের প্রেসিডেন্ট জিন-ক্লড ট্রিচেট।
'বাসেল ৩' হচ্ছে ব্যংক মূলধন নীতিমালা আরো কঠোর করার জন্য গৃহীত একটি পরিকল্পনা। এর উদ্দেশ্য হচ্ছে অর্থনৈতিক বিপর্যয় ঠেকাতে ব্যাংকগুলোকে যথেষ্ট পরিমাণ মুলধন মজুদ রাখতে বাধ্য করা এবং সরকারকে যেন কম মূলধনী ঋণদাতা প্রতিষ্ঠানগুলোকে বারবার ছাড় দিতে না হয় এ ব্যাপারটি নিশ্চিত করা।
এ পরিকল্পনার বেশিরভাগ অংশই গত জুলাইয়ে গৃহীত হয়েছিল। তবে চূড়ান্ত সিদ্ধান্তের জন্য দুটি ইস্যু বাকী ছিল। এর একটি হচ্ছে, কতটুকু বাড়তি মূলধন মজুদ রাখা হবে এবং অন্য ইস্যুটি হচ্ছে, কতদিন পর্যন্ত এ পরিকল্পনা বহাল থাকবে।
কতদিন পর্যন্ত ব্যাংকগুলো এ কঠোর নীতিমালার মধ্যে চলবে এ নিয়ে বিতর্ক রয়েছে। তবে ধারণা করা হচ্ছে, এর মেয়াদকাল হবে ৫ থেকে ১০ বছর।
তবে তত্ত্বাবধায়করা আত্মবিশ্বাসী যে, নতুন নীতিমালা ঋণ কার্যক্রম ব্যাহত না করে অর্থনৈতিক ব্যবস্থায় স্থিতিশীলতা আনতে সহায়ক হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/পিকেএস/২২৫৮ ঘ.
bdnews24