২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কোরান পোড়ানোর সিদ্ধান্তে অনড় ফ্লোরিডা

আন্তর্জাতিক নিন্দা সত্ত্বেও নাইন ইলেভেন হামলার নবম বর্ষপূতিতে কোরান পোড়ানোর পরিকল্পনা নিয়ে এগোনোর ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্রের একটি চার্চ কর্তৃপক্ষ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Sep 2010, 01:36 PM

Updated : 25 Aug 2022, 06:36 PM

ওয়াশিংটন, সেপ্টেম্বর ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)-আন্তর্জাতিক নিন্দা সত্ত্বেও নাইন ইলেভেন হামলার নবম বর্ষপূতিতে কোরান পোড়ানোর পরিকল্পনা নিয়ে এগোনোর ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্রের একটি চার্চ কর্তৃপক্ষ। এ পরিকল্পনার নিন্দা জানিয়ে মঙ্গলবার আফগানিস্তানে মার্কিন বাহিনীর শীর্ষ কমান্ডার ডেভিড পেট্রাউস বলেন, যুক্তরাষ্ট্রে কোরান পোড়ানো হলে কেবল আফগানিস্তানেই নয়, বরং তা সারা বিশ্বে মার্কিনীদের জীবনকে হুমকির মুখে ফেলবে। ফ্লোরিডার গিন্সভিলের 'ডোভ ওয়ার্ল্ড আউটরিচ সেন্টার' নামের একটি চার্চের কর্তৃপক্ষ ২০০১ সালের ১১ সেপ্টেম্বর নিউ ইয়র্কের ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের টুইন টাওয়ারে আল কায়েদার সন্ত্রাসী হামলার বর্ষপূর্তি উপলক্ষে দিনটিকে 'আন্তর্জাতিক কোরান পোড়ানো দিবস' হিসেবে পালন করার ঘোষণা দিয়েছে। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন বলেছেন, চার্চটির পরিকল্পনা অশ্রদ্ধাপূর্ণ ও অবমাননাকর। মুসলিম দেশগুলো এবং ন্যাটো জোটও পরিকল্পনাটির তীব্র সমালোচনা করেছে। যুক্তরাষ্ট্রের অ্যাটর্নি জেনারেল এরিক হোল্ডার বলেছেন, পরিকল্পনাটি কাণ্ডজ্ঞানহীন ও বিপজ্জনক। কিন্তু নাটের গুরু ঐ চার্চের প্রধান যাজক টেরি জোন্স সব নিন্দা ও সমালোচনাকে উপেক্ষা করে বলেন, "ইসলামের চরমপন্থী অংশের কাছে আমরা অবশ্যই একটি পরিস্কার বার্তা পাঠাবো।" এমন একটি সময়ে যুক্তরাষ্ট্রে কোরান পোড়ানোর পরিকল্পনা ঘোষণা করা হয়েছে যখন নাইন ইলেভেন হামলাস্থলের কাছে 'পার্ক ফিফটি ওয়ান' নামের একটি ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র ও মসজিদ নির্মাণের পরিকল্পনা নিয়ে তুমুল বিতর্ক চলছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচ/এলকিউ/১৯০৫ ঘ.