বেরাস্তেপু, ইন্দোনেশিয়া, সেপ্টেম্বর ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ৪০০ বছর সুপ্ত থেকে গত সপ্তাহে জেগে উঠার পর ইন্দোনেশিয়ার মাউন্ট সিনাবাং আগ্নেয়গিরি থেকে মঙ্গলবার সবচেয়ে বেশি অগ্নুৎপাত হয়েছে।
আগ্নেয়গিরির ছাই বায়ুমণ্ডলের ৫ কিলোমিটার উচ্চতা পর্যন্ত ছড়িয়ে পড়েছে। বিশেষজ্ঞরা আরো অগ্নুৎপাতের আশঙ্কা প্রকাশ করেছেন।
দেশের দুর্যোগ মোকাবেলা দপ্তরের কর্মকর্তারা জানান, সুমাত্রা দ্বীপের উত্তরাঞ্চলের আগ্নেয়গিরিটি থেকে ২৯ অগাস্ট প্রথম অগ্নুৎপাতের ঘটনা ঘটে। আগ্নেয়গিরির পাদদেশের গ্রামগুলোতে বসবাসরত অধিবাসীদের সরিয়ে নেওয়া হয়েছে এবং প্রায় ২৪ হাজার ৫০০ জন শরণার্থী শিবিরে আশ্রয় নিয়েছে।
ইন্দোনেশিয়ায় এক নামে পরিচিত আগ্নেয়গিরি বিশেষজ্ঞ সুরনো বলেছেন, "এ পর্যন্ত এটিই সবচেয়ে বড় অগ্নুৎপাত। আট কিলোমিটার দূর থেকে এর শব্দ শোনা গেছে। অগ্নুৎপাতের ধোঁয়া বায়ুমণ্ডলের ৫ হাজার মিটার পর্যন্ত ছড়িয়ে পড়েছে।"
তিনি আরো বলেছেন, "আমার মনে হয় না, এটাই শেষ। অগ্নুৎপাত আবারো হবে।"
রয়টার্সের একজন আলোকচিত্রী জানান, বিস্ফোরণের সময় প্রায় তিন মিনিট ধরে মাটি কাঁপছিলো।
আগ্নেয়গিরির আশেপাশে ছয় কিলোমিটার এলাকা জুড়ে গ্রামগুলো জনশূন্য হয়ে পড়েছে। হাতে গোনা কয়েকজন শুধু বাড়ি-ঘর পাহারা দেওয়ার জন্য রয়ে গেছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এমআই/১৪৫৮ ঘ.
bdnews24