২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইরানের ওপর হামলা ইসরায়েলকে ধ্বংস করবে: আহমাদিনেজাদ

ইরানের ওপরে যেকোনো ধরনের হামলা ইসরায়েলকে ধ্বংসের দিকে নিয়ে যাবে বলে হুঁশিয়ারি করে দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদ। কাতার সফরকালে রোববার তিনি এ হুঁশিয়ারি দেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Sep 2010, 09:19 AM

Updated : 25 Aug 2022, 06:35 PM

দোহা, সেপ্টেম্বর ৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- ইরানের ওপরে যেকোনো ধরনের হামলা ইসরায়েলকে ধ্বংসের দিকে নিয়ে যাবে বলে হুঁশিয়ারি করে দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদ। কাতার সফরকালে রোববার তিনি এ হুঁশিয়ারি দেন। কাতারের রাজধানী দোহায় এক সংবাদ সম্মেলনে ইরানি প্রেসিডেন্ট বলেন, "যুক্তরাষ্ট্র ও ইহুদি রাষ্ট্রটি এ মুহূর্তে ইরানের ওপর হামলা চালাতে পারবে না। ইরানের ওপর ইসরায়েলি হামলার অর্থ হবে বিশ্ব মানচিত্র থেকে ইহুদি রাষ্ট্রের অস্থিত্ব মুছে যাওয়া।" আহমাদিনেজাদ আরবি দোভাষীর মাধ্যমে ফার্সিতে ভাষণ দেন। কাতারের আমির শেখ হামাদ বিন খালিফা আল থানির সঙ্গে আলোচনার জন্য দেশটিতে সফরে গেছেন আহমাদিনেজাদ। ইরান কখনোই ইসরায়েলকে স্বীকৃতি দেয়নি এবং প্রায়ই ইহুদি রাষ্ট্রটির অস্থিত্ব মুছে ফেলার হুমকি দেয়। ইসরায়েলকে মধ্যপ্রাচ্যের একমাত্র পরমাণু অস্ত্রধারী দেশ বলে গণ্য করা হয়। ইরানের পরমাণু কর্মসূচি পরিচালনাকে নিজেদের অস্থিত্বের জন্য হুমকি বিবেচনাকারী ইসরায়েল কখনোই ইরানের পরমাণু কর্মসূচি বন্ধে সামরিক হামলা চালানোর পরিকল্পনার বিষয়টি নাকচ করে দেয়নি। ইরানকে পরমাণু কর্মসূচি থেকে বিরত রাখতে আন্তর্জাতিক নিষেধাজ্ঞাও আরোপ করা হয়েছে। মধ্যপ্রাচ্যের এ দেশটি পরমাণু বোমা বানানোর পরিকল্পনায় কর্মসূচি চালাচ্ছে বলে অভিযোগ করে আসছে পশ্চিমা বিশ্বের দেশগুলো। তবে শান্তিপূর্ণ উদ্দেশ্যে পরমাণু কর্মসূচি চালানোর দাবি জানিয়ে বারবারই ওই অভিযোগ অস্বীকার করে আসছে ইরান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/সিআর/১৫০৯ঘ.