২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইরাকে সেনা ঘাঁটিতে আত্মঘাতী হামলায় নিহত ১২

ইরাকের রাজধানী বাগদাদে একটি সেনা ঘাঁটিতে রোববার ৫ আত্মঘাতী বোমা হামলাকারীর হামলা প্রচেষ্টায় কমপক্ষে ১২ জন নিহত এবং ৩৬ জন আহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Sep 2010, 12:32 PM

Updated : 25 Aug 2022, 06:35 PM

বাগদাদ, সেপ্টেম্বর ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- ইরাকের রাজধানী বাগদাদে একটি সেনা ঘাঁটিতে রোববার ৫ আত্মঘাতী বোমা হামলাকারীর হামলা প্রচেষ্টায় কমপক্ষে ১২ জন নিহত এবং ৩৬ জন আহত হয়েছে। নিরাপত্তা কর্মকর্তারা জানিয়েছেন, হামলাকারীদের কারো কারো হাতে রাইফেল ছিল। তারা একটি বিস্ফোরক ভর্তি মিনিবাস চালিয়ে সেনা ঘাঁটির পেছনের গেটে নিয়ে আসে। পেছনে পেছনে পায়ে হেটে আসে দু একজন আত্মঘাতী বোমা হামলাকারী। সেনারা তাদের দিকে গুলি ছোড়া মাত্র তারা বোমা বিস্ফারণ ঘটায়। শুরু হয় দুপক্ষের লড়াই। শেষ পর্যন্ত দু জন অস্ত্রধারীর সঙ্গে একঘণ্টাব্যাপী লড়াই চলে সেনাদের। বাগদাদের নিরাপত্তা বিভাগের মুখপাত্র মেজর জেনারেল কাশিম আল মুসাউয়ি বলেছেন, "এ হামলা রুসাফা সামরিক কমান্ড ভেঙে দেওয়ারই চেষ্টা।" মুসাউয়ির কার্যালয় এ হামলার ঘটনায় মৃতের সংখ্যা সর্বশেষ ১২ এবং আহতের সংখ্যা ৩৬ বলে জানিয়েছে। প্রতিরক্ষামন্ত্রী আব্দুল কাদের জসিম ঘটনাস্থল থেকে বলেন, "এটি ছিল সুসংগঠিত সন্ত্রাসী হামলা। তবে আমাদের সেনারা সতর্ক ছিল এবং তাদেরকে ঠেকাতে পেরেছে।" একই সেনাঘাঁটিতে আরেকটি আত্মঘাতী বোমা হামলায় বেশ কিছু সংখ্যক সেনা ও সেনা নিয়োগপ্রার্থী নিহত হওয়ার ২ সপ্তাহ পর রোববারের এ ঘটনাটি ঘটেছে প্রকাশ্য দিবালোকে। এর আগের খবরে প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানানো হয়, কমপক্ষে তিনজন আত্মঘাতী বোমা হামলাকারী পায়ে হেঁটে এসে রুসাফা সামরিক কমান্ড হেডকোয়ার্টার উড়িয়ে দেওয়ার চেষ্টা করে। এদের মধ্যে দুই হামলাকারীকে সেনারা গুলি করলে বিস্ফোরণে হতাহতের ওই ঘটনা ঘটে। পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র হামলায় ৭ জন নিহত এবং ২১ জন আহত হওয়ার কথা জানায়। পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে বলা হয়, সেনা ঘাঁটির প্রবেশপথে বন্দুকধারীরা গুলি চালায়। এরপর দুজন আত্মঘাতী হামলাকারী পায়ে হেঁটে এসে প্রবেশদ্বার উড়িয়ে দেওয়ার চেষ্টা করলে তাদের বাধা দিয়ে হত্যা করা হয়। তৃতীয় আত্মঘাতী হামলাকারীকে গুলি করা হলে সে আহত হয়। যুক্তরাষ্ট্রের সেনারা ধীরে ধীরে ইরাক থেকে পুরোপুরি বিদায় নেওয়ার এ সময়টিতে জঙ্গিরা পুলিশ ও সেনাবাহিনীকে তাদের হামলার টার্গেট করছে। বিডিনিউজ টোয়েন্টিফোর/এমডি/ /বিসিএস/ এলকিউ/২৩০০ ঘ.