নিউ ইয়র্ক, সেপ্টেম্বর ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- যুক্তরাষ্ট্র বা অন্য উন্নত দেশগুলোর চেয়ে উন্নয়নশীল দেশে বিমান চালনা ১৩ গুণ বেশি বিপজ্জনক। নতুন একটি গবেষণায় একথা বলা হয়েছে।
ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজির স্লোয়ান স্কুল অব ম্যানেজমেন্টের অধ্যাপক ও বিমান নিরাপত্তা বিষয়ক গবেষক আর্নল্ড বার্নেট গবেষণাটি করেছেন।
গবেষণায় তিনি দেখেছেন, কানাডা, জাপানের মতো প্রথম বিশ্বে নির্ধারিত ১ কোটি ৪০ লাখ ফ্লাইট পরিচালনায় একটি বিমান দুর্ঘটনার শিকার হয়।
অপরদিকে ভারত ও ব্রাজিলের মতো উন্নয়নশীল দেশে প্রতি ২০ লাখ ফ্লাইটে একটিতে মৃত্যুর ঝুঁকি থাকে। এছাড়া আফ্রিকা ও ল্যাটিন আমেরিকার দেশগুলোয় প্রতি ৮ লাখ ফ্লাইটের মধ্যে একটি দুর্ঘটনা কবলিত হওয়ার আশঙ্কা থাকে।
তিনি আরো বলেন, "এমন কী সিঙ্গাপুর ও হংকং-এর আয় ও জীবনযাত্রার মান উন্নতদেশগুলোর সমানুপাতিক হলেও তাদের বিমান পরিচালনায় নিরাপত্তা পরিসংখ্যান উন্নয়নশীল দেশগুলোর মতোই।"
বার্নেট তার গবেষণায় নাইজেরিয়া বিমান পরিচালনায় সবচেয়ে ঝুঁকিপূর্ণ বলে দেখতে পেয়েছেন।
উন্নত ও উন্নয়নশীল দেশের মধ্যে এ পার্থক্যের পরও বার্নেট বলেন, "সুখবর হচ্ছে বিশ্বজুড়েই বিমান চালনায় নিরাপত্তা বৃদ্ধি পাচ্ছে। আর এটাই সবার কাছে গুরুত্বপূর্ণ বিষয়।
'ইনস্টিটিউট ফর অপারেশনাল রিসার্চ অ্যান্ড ম্যানেজমেন্ট সায়েন্স' এর 'ট্রান্সপোর্টেশন সায়েন্স' জার্নালে বার্নেটের এ গবেষণাটি প্রকাশিত হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/সিআর/১২০২ঘ.
bdnews24