২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইসরায়েল ও ফিলিস্তিনের সরাসরি শান্তি আলোচনা শুরু

দীর্ঘ ২০ মাস পর ইসরায়েল ও ফিলিস্তিনের নেতাদের মধ্যে বৃহস্পতিবার সরাসরি শান্তি আলোচনা ওয়াশিংটনে পুনরায় শুরু হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Sep 2010, 03:46 PM

Updated : 25 Aug 2022, 06:33 PM

ওয়াশিংটন, সেপ্টেম্বর ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- দীর্ঘ ২০ মাস পর ইসরায়েল ও ফিলিস্তিনের নেতাদের মধ্যে বৃহস্পতিবার সরাসরি শান্তি আলোচনা ওয়াশিংটনে পুনরায় শুরু হয়েছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামার দীর্ঘ কূটনৈতিক প্রচেষ্টায় ইসরায়েলের প্রধানমন্ত্রি বেনিয়ামিন নেতানিয়াহু ও ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস শান্তি প্রতিষ্ঠায় আন্তরিকতার পরিচয় দেওয়ার অঙ্গীকার করে এ আলোচনা আবার শুরু করেছেন। তবে উভয় পক্ষের কট্টরপন্থীরা কোনো শান্তি চুক্তি মেনে না নেওয়ার ঘোষণা দেওয়ায় শান্তি আলোচনার সফলতা নিয়ে আশঙ্কা সৃষ্টি হয়েছে। মধ্যপ্রাচ্য শান্তি প্রতিষ্ঠায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামার আহ্বান জানানোর একদিন পর বৃহস্পতিবার পররাষ্ট্রমন্ত্রি হিলারি ক্লিনটন সরাসরি শান্তি আলোচনা শুরুর জন্য যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ে নেতানিয়াহু ও আব্বাসকে স্বাগত জানান। একটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠাই এ আলোচনার মূখ্য উদ্দেশ্য। প্রধানমন্ত্রি নেতানিয়াহু বলেন, "এটা সহজ হবে না। কেবল উভয় পক্ষের কষ্টসাধ্য ছাড় দেওয়া ও সমঝোতার মাধ্যমেই একটি সত্যিকার ও দীর্ঘস্থায়ী শান্তি চুক্তি অর্জন করা যেতে পারে।" তিনি আরো বলেন, "ইসরায়েলের জনগণ এবং আমি তাদের প্রেসিডেন্ট হিসেবে এ পথে হাঁটতে প্রস্তুত রয়েছি এবং দীর্ঘ পথ পাড়ি দিতে প্রস্তুত রয়েছি। সত্যিকার শান্তি অর্জনে অল্প সময়ে দীর্ঘ পথ পাড়ি দিতে আমরা প্রস্তুত। তবে সে শান্তি হতে হবে আমাদের জনগণের নিরাপত্তা, সাফল্য এবং ভালো প্রতিবেশী সৃষ্টির।" অধিকৃত পশ্চিম তীর তার আশপাশের এলাকায় সব ইহুদি বসতি নির্মাণ বন্ধ করতে ও গাজার ওপর থেকে অবরোধ তুলে নেওয়ার আহ্বান জানিয়েছেন ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রি হিলারি ক্লিনটন বলেছেন, তাদের মধ্যকার সংঘাত নিরসনে ইসরায়েলের প্রধানমন্ত্রি বেনিয়ামিন নেতানিয়াহু ও ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের এটাই সুযোগ। তিনি বলেন, "আজ এখানে উপস্থিত হয়ে আপনারা প্রত্যেকে আপনাদের জনগণকে একটি সংঘাতের ইতিহাস থেকে মুক্তি দিতে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছেন এবং তাদের ভবিষ্যৎ শান্তি ও মর্যাদা কেবল আপনারাই প্রতিষ্ঠা করতে পারেন।" ২০০৭ সালে আব্বাসের নেতৃত্বাধীন সরকারের কাছ থেকে গাজার নিয়ন্ত্রণ নেওয়া ফিলিস্তিনী সশস্ত্র ইসলামি গ্র"প হামাস এ শান্তি আলোচনাকে প্রত্যাখান করে বলেছে, ইসরায়েলিদের ওপর তারা হামলা চালানো অব্যাহত রাখবে। ওদিকে, ইসরায়েলের অধিকৃত পশ্চিম তীরে নতুন বসতি স্থাপন শুরুর ঘোষণা দিয়েছে ইহুদি দখলদাররা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিবি/এএইচ/২১৪১ ঘ.