২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বন্যায় পাকিস্তানের ক্ষতি ৪,৩০০ কোটি ডলার: গিলানি

বন্যায় পাকিস্তানের অর্থনীতি ধসে পড়েছে। ক্ষয়ক্ষতির পরিমাণ দাঁড়িয়েছে ৪ হাজার ৩শ' কোটি ডলারে। পাকিস্তানের প্রধানমন্ত্রী ইউসুফ রাজা গিলানি মন্ত্রিসভার এক বৈঠকে বুধবার একথা বলেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Sep 2010, 03:57 PM

Updated : 25 Aug 2022, 06:33 PM

ইসলামাবাদ, সেপ্টেম্বের ১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- বন্যায় পাকিস্তানের অর্থনীতি ধসে পড়েছে। ক্ষয়ক্ষতির পরিমাণ দাঁড়িয়েছে ৪ হাজার ৩শ' কোটি ডলারে। পাকিস্তানের প্রধানমন্ত্রী ইউসুফ রাজা গিলানি মন্ত্রিসভার এক বৈঠকে বুধবার একথা বলেছেন। ক্রমবর্ধমান বেকারত্ব ও মুদ্রাস্ফীতিতে দেশের অর্থনীতি আরেকদফা বিপর্যয়ের মুখে পড়বে বলেও মন্তব্য করেছেন তিনি। স্মরণকালের ভয়াবহ এ বন্যায় কৃষি ব্যবস্থা ধ্বংস হয়ে যাওয়ায় পাকিস্তানের খাদ্য নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন গিলানি। তাছাড়া দুর্যোগের সামাজিক প্রভাবও 'ভয়াবহ' বলে জানান তিনি। গিলানি বলেন, "বন্যার কারণে পাকিস্তানে প্রায় ৪৩ বিলিয়ন ডলারের সমপরিমাণ ক্ষতি হয়েছে। মোট কৃষিজমির ৩০ শতাংশ ক্ষতিগ্রস্ত হয়েছে।" তিনি বলেন, বন্যার কারণে পাকিস্তানের অর্থনৈতিক প্রবৃদ্ধি অনেকাংশে কমে যাবে এবং মুদ্রাস্ফীতি আশঙ্কার চেয়েও বেশি হতে পারে। তাছাড়া, সামগ্রিকভাবে এ বছর এবং পরবর্তী বছর বন্যার কারণে কৃষিজাত ফসলের উৎপাদনও কম হবে। তিনি আরো বলেন, অর্থনীতি ক্ষতিগ্রস্ত হওয়ায় ব্যাপক বেকারত্ব দেখা দিয়ে বহু পরিবারের অর্থসংস্থান ব্যাহত হবে এবং এর সামাজিক প্রভাও হবে মারাত্মক। জাতিসংঘ জানিয়েছে, বন্যায় পাকিস্তানের পাঁচ লক্ষ টন গমের বীজ নষ্ট হয়ে গেছে। ফলে পরবর্তী বছর গম চাষ ব্যাহত হওয়ার আশঙ্কা আছে। দীর্ঘস্থায়ী বন্যায় অর্থনীতির এ মারাত্মক ক্ষতির মুখে আন্তর্জাতিক মনিটারি ফান্ড (আইএমএফ) ১১ বিলিয়ন ডলার ঋণের শর্ত শিথিল করবে বলেই আশা করছে পাকিস্তান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিবি/এলকিউ/২১৪৮ ঘ.