২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মিয়ানমারে সশস্ত্রবাহিনীতে ব্যাপক রদবদল

সেনা শাসিত মিয়ানমার নভেম্বরে অনুষ্ঠেয় নির্বাচনকে সামনে রেখে সশস্ত্র বাহিনীতে ব্যাপক রদবদল করেছে। এর মধ্য দিয়ে নির্বাচনে সেনাবাহিনীর আধিপত্যের পথ আরো সুগম হল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Aug 2010, 11:08 AM

Updated : 25 Aug 2022, 06:33 PM

ইয়াঙ্গুন, আগস্ট ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- সেনা শাসিত মিয়ানমার নভেম্বরে অনুষ্ঠেয় নির্বাচনকে সামনে রেখে সশস্ত্র বাহিনীতে ব্যাপক রদবদল করেছে। এর মধ্য দিয়ে নির্বাচনে সেনাবাহিনীর আধিপত্যের পথ আরো সুগম হল। এ রদবদলের আওতায় বেশ কয়েকজন জেনারেলকে পদোন্নতি অথবা অবসরে পাঠিয়ে দেওয়া হয়েছে। এ পদক্ষেপে বিস্মিত হয়েছে সেনারাও। এর আগে মিয়ানমারের শীর্ষ তিন জান্তা নেতা সামরিক পদ ছেড়ে সরকারের গুরুত্বপূর্ণ বেসামরিক বিভিন্ন পদ লাভের পথ প্রশস্ত করেন। তার পরপরই সেনাবাহিনীতে এ ব্যাপক রদবদল দেশটিতে কয়েক দশকের মধ্যে অন্যতম ঘটনা। বিশ্লেষকরা বলছেন, সেনা ব্যারাক এবং রাজনৈতিক অঙ্গনে সামরিক শাসকদের ক্ষমতা আরো সুসংহত করাই এর লক্ষ্য। থাইল্যান্ড ভিত্তিক সাময়িকী 'ইরাবতী'র সম্পাদক অং জও বলেন, "যে যেখানেই যাক, আর তাদেরকে যে ভূমিকাই দেওয়া হোক না কেনো এ রদবদলের উদ্দেশ্য সবারই জানা।" তিনি আরো বলেন, "সেনাবাহিনীকে সুরক্ষিত রাখা এবং অবসরের পর ঝামেলাহীন থাকার গ্যারান্টির জন্য ভবিষ্যৎ সরকারের প্রধান পদগুলোতে তাদের লোকই যেন থাকে তা নিশ্চিত করতেই এ রদবদল।" সেনাবাহিনীর ভেতরের লোকজন জানিয়েছে, যেসব সেনা কর্মকর্তা অবসর নিচ্ছেন তারা অবসরগ্রহণের সময় হওয়ার অনেক আগেই তা করছেন। পার্লামেন্টে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার লক্ষ্যে জান্তা সরকারের গঠিত একটি রাজনৈতিক দলের হয়ে ৭ নভেম্বর অনুষ্ঠেয় নির্বাচনে লড়বেন এসব কর্মকর্তা। তবে জান্তা সরকার ও এর মুখপাত্র রাষ্ট্র নিয়ন্ত্রিত গণমাধ্যম এ রদবদল সম্পর্কে নীরব রয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এলকিউ/১৭০৩ ঘ.